বরিশাল সিটির ‘লোক দেখানো’ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা বাসদের
আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে অংশ না নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ বুধবার সকালে নগরের ফকিরবাড়ি সড়কে জেলা বাসদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে দলটির জেলা সদস্যসচিব মনীষা চক্রবর্তী এ ঘোষণা দেন। এ সময় মনীষা আসন্ন নির্বাচনকে ‘লোক দেখানো’ বলে উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মনীষা চক্রবর্তী বলেন, ‘আমাদের দল বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এবং আমাদের রাজনৈতিক জোট মনে করে, বর্তমান পরিস্থিতিতে যেখানে দেশের জনগণ তাঁদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারেন না, সেই ধরনের প্রহসনের নির্বাচনে অংশগ্রহণ করা না করা একই কথা। এ জন্য আমাদের দল ও জোট আসন্ন নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলীয় সরকারের অধীন আওয়ামী লীগের অনুগত দলগুলোকে নিয়ে পাতানো নির্বাচনের যে আয়োজন চলছে তাতে অংশ নিয়ে আমরা জালিয়াতির নির্বাচনকে বৈধতা দিতে চাই না।’
আরও একটি গায়ের জোরের নির্বাচনেরই ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেন মনীষা। তিনি বলেন, ইতিমধ্যে বরিশাল সিটি করপোরেশনে সরকারি দলের মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে। সার্বিক দিক বিবেচনায় তাঁরা আশঙ্কা করছেন, এখানে আরও একটি গায়ের জোরের নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। ফলে যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবেন না, সে নির্বাচনে অংশ নিয়ে তাঁরা জনগণকে বিভ্রান্ত করতে চান না।
২০১৮ সালে বরিশাল সিটি নির্বাচনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে মনীষা চক্রবর্তী বলেন, বাসদের পক্ষ থেকে ২০১৮ সালের নির্বাচনে তাঁকে মেয়র পদে মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তু তিনি দেখেছেন নির্বাচনের দিন সকাল থেকে সব কেন্দ্রে প্রকাশ্যে ভোট ডাকাতির ঘটনা ঘটেছিল। সাধারণ মানুষ তখন এই দৃশ্য দেখে হতবাক ও হতাশ হন। পরে এই ভোট ডাকাতির বিরুদ্ধে কেন্দ্রে কেন্দ্রে তাঁরাই রুখে দাঁড়িয়েছিলেন। মেয়রপ্রার্থী হিসেবে তাঁর ওপরও হামলার ঘটনা ঘটে। দুপুরের মধ্যে আওয়ামী লীগ ছাড়া সব প্রার্থী নির্বাচন বর্জন করলেও নির্বাচন বন্ধ হয়নি। এমনকি ভোট ডাকাতি বন্ধে ন্যূনতম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শুধু সিটি করপোরেশন নির্বাচনই নয়, ২০১৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনেও একই প্রহসন দেশবাসী দেখেছে।
সংবাদ সম্মেলন শেষে মনীষা চক্রবর্তী আরও বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে অংশ না নিলেও আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল থাকব। সুষ্ঠু নির্বাচন হলে আমরা জিতি বা হারি জনগণের গণতান্ত্রিক চর্চা শক্তিশালী হবে। জাতীয় ও স্থানীয় সব পর্যায়ে অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবি নিয়ে লড়াই করে যাব।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য জনার্দন দত্ত, জেলা সদস্য মানিক হাওলাদার, সন্তু মিত্র, গোলাম রসুল, মাফিয়া বেগম, জেলা বাসদের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।