বরিশাল নগরে জলাবদ্ধতার এমন ভয়াবহ রূপ আগে দেখা যায়নি
একটানা ভারী বর্ষণ আর কীর্তনখোলা নদীতে অধিক উচ্চতার জোয়ারে বরিশাল নগরের প্রায় ৯০ শতাংশ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। জলাবদ্ধতার কবলে পড়ে ব্যাপক দুর্ভোগ পোহাচ্ছেন নগরবাসী। আজ মঙ্গলবার সকালে নগরের বেশির ভাগ এলাকার পানি নেমে যেতে শুরু করে। তবে সকাল থেকে বৃষ্টি না হলেও দুপুরের পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। এতে আবারও ভোগান্তিতে পড়ার আশঙ্কা করছেন নগরবাসী।
আজ নগরের বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, তিন দিনের ভারী বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় নগরের বেশির ভাগ রাস্তাঘাট ও এলাকায় ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়েছে। নগরের নবগ্রাম রোড, আমির কুটির, অক্সফোর্ড মিশন রোড, কলেজ অ্যাভিনিউ, গোরস্থান রোড, সার্কুলার রোড, ভাটিখানাসহ আরও বেশ কয়েকটি এলাকা এখনো জলাবদ্ধ থাকায় এসব এলাকার বাসিন্দারা চরম ভোগান্তির মধ্যে আছেন।
অক্সফোর্ড মিশন এলাকার বাসিন্দা আবদুল আলীম জানান, তিন দিন ধরে ঘরের মধ্যে পানি ছিল। রান্না পর্যন্ত করা যায়নি। আজ ঘরের পানি নামলেও ঘরের সামনে রাস্তায় বের হওয়ার উপায় নেই।
একই অবস্থা কলেজ অ্যাভিনিউ ও গোরস্থান রোড এলাকার বাসিন্দাদেরও। কলেজ অ্যাভিনিউ এলাকার বাসিন্দা অলোক চক্রবর্তী বলেন, ‘ঘরে-বাইরে সব জায়গায় পানি আর পানি। আমাদের জীবন এখন এতটা দুর্বিষহ যে বলে বোঝাতে পারব না।’ আমির কুটির এলাকার বাসিন্দা কুট্টি আক্তার বলেন, ‘চাইর দিন ধইর্যা ঘরের বাইরে যাইতে পারি না। কাম-কাইজ সব বন্ধ। এই অবস্থা চললে মোরা খামু কী?’
বরিশাল নগরে ২৪টি খালের পাশাপাশি সরকারি ও ব্যক্তিগত তিন হাজারের ওপর পুকুরও ছিল। আজ তার একটিও নেই। আমরা দীর্ঘদিন ধরেই দাবি করে আসছি, এসব খাল উদ্ধার করে প্রবাহ ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু কেউ ভ্রুক্ষেপ করছে না।
নগরজুড়ে এমন জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী মানুষ। একদিকে তাঁদের হাতে কাজ নেই, অন্যদিকে নিচু বসতঘরে পানি উঠে তাঁদের স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে।
নগরের বিভিন্ন শ্রেণি–পেশার বেশ কয়েকজন বাসিন্দা প্রথম আলোকে বলেন, সামান্য বৃষ্টি হলেই সদর সড়ক, গোরস্থান রোড, কালুশাহ সড়ক, বটতলা, বাংলাবাজার, কলেজ অ্যাভিনিউ, ফকিরবাড়ি সড়ক, আমির কুটির, অক্সফোর্ড মিশন রোড, গোরস্থান রোড, কলেজ অ্যাভিনিউ, ভাটিখানা, আমানতগঞ্জ, মল্লিকবাড়ি সড়ক, ব্রাউন কম্পাউন্ড, মহিলা কলেজ ও এর আশপাশ এবং নগরের পূর্বাংশের বিশাল এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। তখন ঘর থেকে বেরোনোই মুশকিল হয়ে যায়। এ ছাড়া রাস্তায় গাড়িও তেমন চলাচল করে না। স্কুল-কলেজ, অফিস-আদালতে চলাচলে খুবই সমস্যা হয়। এ জলাবদ্ধতার জন্য নগরের খাল ও বিভিন্ন জলাশয় ভরাট, দখল এবং অপরিকল্পিত নগরায়ণই দায়ী। নগরের নর্দমাগুলো অপ্রশস্ত হওয়ায় পানি নামতে না পারায় এই ভোগান্তি হচ্ছে।
এদিকে চারপাশে খাল ও নদীবেষ্টিত বরিশাল নগরে জলাবদ্ধতার এমন ভয়াবহ রূপ আগে দেখা যায়নি। গত শনিবার থেকে বরিশালে বৃষ্টিপাত শুরু হয়। এরপর রোববার থেকে শুরু হয় একটানা ভারী বর্ষণ। এতে বরিশাল নগরের প্রায় সব এলাকা পানিতে নিমজ্জিত হয়। রাস্তাঘাট হাঁটুপানিতে নিমজ্জিত হওয়ায় যান চলাচল ও পথচারীদের মারাত্মক ভোগান্তিতে ফেলে। স্কুল-কলেজগুলোতে উপস্থিতি কমে যায়। কয়েকটি স্কুল বন্ধ ঘোষণা করা হয়। গত তিন দিন নগরের রাস্তাঘাট ফাঁকা ছিল। আজও অবস্থার খুব একটা উন্নতি হয়নি।
বরিশাল নগরে আগে ২৪টি খাল ছিল। আগে বড় ঝড়-জলোচ্ছ্বাসে এবং ভারী বর্ষণে বরিশাল নগরে পানি জমলেও তা খুব দ্রুত নেমে যেত। কিন্তু ২০০০ সালের পর বরিশাল নগরের খাল, পুকুর ও অন্য জলাশয়গুলো একে একে ভরাট ও দখল হতে শুরু করলে সাম্প্রতিক বছরগুলোতে সামান্য বৃষ্টি হলেই ওই নগরে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে নাগরিক ভোগান্তি চরমে পৌঁছাচ্ছে। এখন উঁচু জোয়ার আর সামান্য বৃষ্টিতেই নগরের বেশির ভাগ এলাকা ডুবে যায়। অথচ বছর দশেক আগেও পরিস্থিতি এতটা ভয়াবহ ছিল না।
জলাবদ্ধতার মতো এমন দীর্ঘ ভোগান্তিতে নগরবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে। দীর্ঘদিন ধরেই নগরের মধ্যে থাকা ২৪টি খাল পুনরুদ্ধার করে এর প্রবাহ ফিরিয়ে আনার দাবি জোরালো হচ্ছে।
খাল উদ্ধারে নেই পদক্ষেপ
খোঁজ নিয়ে জানা যায়, বরিশাল নগরের ২৪টি খালের মধ্যে ৮টিতে এখন ক্ষীণ ধারার অস্তিত্ব আছে। এগুলো হলো জেল খাল, সাগরদী খাল, লাকুটিয়া খাল, টিয়াখালী খাল, মোহাম্মদপুর খাল, আমানতগঞ্জ খাল, জাগুয়ার খাল ও হরিনাফুলিয়া খাল। এসব খালও দখল-দূষণে মৃতপ্রায়। বাকি খালগুলোর অস্তিত্ব বিপন্নপ্রায়। এগুলোর মধ্যে রয়েছে নাপিতখালী খাল, ভাটার খাল, নবগ্রাম খাল, চাঁদমারী খাল, ভেদুরিয়া খাল, কলাডেমা খাল, সাপানিয়া খাল, কাশিপুর খাল, সোলনা খাল, ভাড়ানী খাল, পুডিয়ার খাল, উত্তর নবগ্রাম সাগরদী খাল, ঝোড়াখালি খাল, তাজকাঠি খাল, চৌপাশা খাল, শোভারানীর খাল প্রভৃতি।
অক্সফোর্ড মিশন রোডের বাসিন্দা ও বরিশাল সাধারণ নাগরিক সমাজের (বসানাস) আহ্বায়ক কাজী মিজানুর রহমান আজ দুপুরে বলেন, ‘বরিশাল নগরে ২৪টি খালের পাশাপাশি সরকারি ও ব্যক্তিগত তিন হাজারের ওপর পুকুরও ছিল। আজ তার একটিও নেই। আমরা দীর্ঘদিন ধরেই দাবি করে আসছি, এসব খাল উদ্ধার করে প্রবাহ ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু কেউ ভ্রুক্ষেপ করছে না। এমন উদাসীনতা অব্যাহত থাকলে বরিশাল অচিরেই বসবাসের অযোগ্য নগরে পরিণত হবে। বটতলা এলাকায় নবগ্রাম খাল ভরাট করে মার্কেট করা হয়েছে। অচিরেই এই মার্কেট ভেঙে খালটি রক্ষা করা প্রয়োজন।’
কাজী মিজানুর রহমান বলেন, ‘বাড়ি থেকে বের হব তার কোনো উপায় নেই। চারদিকে পানি আর পানি। বরিশাল নগরে এমন জলাবদ্ধতা কখনো দেখিনি। ১৯৭০ সালের বন্যায়ও আমাদের তখনকার টিনের ঘরে পানি ওঠেনি। কিন্তু এখন একটু বৃষ্টি হলেই পানিতে গোটা শহর টইটম্বুর হয়ে পড়ে।’
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) বরিশাল বিভাগীয় সমন্বয়কারী রফিকুল আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, নগরের খাল ও জলাশয় ভরাট করে দখল আর অপ-উন্নয়নের পরিণাম হচ্ছে এই জলাবদ্ধতা। সামনে আরও ভয়াবহ রূপ ধারণ করবে।
রফিকুল আলম বলেন, ১৯৯৮ সালে বটতলা খালটি ভরাট করা হয়। সেখানে এখন নর্দমা আর দুই পাশে বিপণিবিতান ও অন্যান্য স্থাপনা নির্মাণ করা হয়েছে। এ ছাড়া পানি ও বর্জ্য নিষ্কাশনে সিটি করপোরেশনের ব্যবস্থাপনা খুবই দুর্বল। শহর বড় হচ্ছে, বাড়ছে মানুষ। এ ক্ষেত্রে কর্তৃপক্ষের সুদূরপ্রসারী কোনো পরিকল্পনাও নেই। খাল ও জলাশয়গুলো সংরক্ষণ ও খননের উদ্যোগ নেওয়ার পাশাপাশি মহাপরিকল্পনা হাতে নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে এ সমস্যা সমাধান করা জরুরি।
জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ জানতে চাইলে বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা মো. রেজাউল করিম আজ দুপুরে প্রথম আলোকে বলেন, ‘আমাদের পয়োনিষ্কাশনব্যবস্থার কোনো দুর্বলতা নেই। কারণ, আমরা নিয়মিত নালাগুলো পরিচ্ছন্নতার কাজ করি। এবার যেটা হচ্ছে, তা হলো নদীতে উঁচু জোয়ার থাকায় পানি নামতে পারছে না। তবে জলাবদ্ধতা নিরসনে আমাদের সিটি করপোরেশনের ৩০০ কর্মী কাজ করছেন।’