পতাকাবাঁধা বাঁশ হাতে যশোরের সমাবেশে বিএনপি নেতা–কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিছিলে থাকা বিএনপি ও এর সহযোগী সংগঠনের অনেক নেতা-কর্মীর হাতে বাঁশের মাথায় দলীয় পতাকা বেঁধে রাখতে দেখা গেছে। আজ শনিবার সকালে
ছবি: প্রথম আলো

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার দুপুরে যশোরে বিক্ষোভ সমাবেশ করবে জেলা বিএনপি। আজ সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলের নেতা-কর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। মিছিলে থাকা অনেক নেতা-কর্মীর হাতে বাঁশের মাথায় দলীয় পতাকা বেঁধে রাখতে দেখা গেছে।

বিএনপির সমাবেশের মঞ্চ তৈরি করা হয়েছে যশোর শহরের ভোলা ট্যাংক সড়কের চারখাম্বা মোড়ে। এদিকে বিএনপির সমাবেশের দিনেই শহরের টাউন হল মাঠে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত পেশাজীবী কর্মচারী ঐক্য পরিষদের সমাবেশের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সকাল থেকে ওই সমাবেশস্থলেও পেশাজীবী কর্মচারী ঐক্য পরিষদের উপস্থিতি দেখা গেছে। পাল্টাপাল্টি এই দুই কর্মসূচির কারণে শহরে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

বেলা ১২টায় সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে আসা দুই পক্ষের নেতা-কর্মীরা সমাবেশস্থলে অবস্থান নিচ্ছেন। তখনো বিএনপির সমাবেশে নেতাদের বক্তৃতা শুরু হয়নি। এদিকে মাঠে সমাবেশের অনুমতি না পেয়ে ভোলা ট্যাংক সড়কের ওপর সমাবেশের আয়োজন করায় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সড়কের দুই মাথায় নেতা-কর্মীরা দাঁড়িয়ে যানবাহন অন্য সড়কে ঘুরিয়ে দিচ্ছেন। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর।

মাঠে সমাবেশের অনুমতি না পেয়ে ভোলা ট্যাংক সড়কের ওপর সমাবেশের আয়োজন করেছে জেলা বিএনপি
ছবি: প্রথম আলো

জেলা বিএনপির সদস্যসচিব সৈয়দ সাবেরুল হক বলেন, ‘সমাবেশ করার দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পর থেকে পুলিশ নেতা-কর্মীদের গণগ্রেপ্তার করেছে। এই গণগ্রেপ্তারের মধ্যেই আমরা সব প্রস্তুতি নিয়েছি। তবে দুঃখের বিষয়, আমরা সমাবেশস্থলের অনুমতি চাইলেও জেলা প্রশাসন প্রথমে অনুমতি দেয়নি। তবে পুলিশ সমাবেশের একদিন আগে মৌখিক অনুমতি দিয়েছে। আজ সকাল থেকেই নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশে অংশ নিচ্ছেন।’

মিছিলে নিয়ে আসা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অনেকের হাতেই আড়াই-তিন হাত লম্বা বাঁশের মাথায় পতাকা বেঁধে রাখতে দেখা গেছে। এ সময় রাজনৈতিক বিভিন্ন স্লোগানও দিচ্ছিলেন নেতা-কর্মীরা। যশোর সদর উপজেলার চূড়ামনকাটি এলাকা থেকে বাঁশের লাঠি নিয়ে সমাবেশে আসা এক কর্মী বলেন, ‘কয়েক দিন যশোর আওয়ামী লীগের নেতা-কর্মীরা আমাদের সমাবেশ প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। আমরাও প্রতিহত করার জন্য বাঁশের লাঠি নিয়ে এসেছি।’
এ বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব সৈয়দ সাবেরুল হক বলেন, কিছু নেতা-কর্মী পতাকাবাঁধা বাঁশ নিয়ে এসেছিলেন। তবে পরে নিষেধ করা হলে তাঁরা তা ফেলে দিয়েছেন।

আরও পড়ুন

এদিকে যশোরে বিএনপির সমাবেশের আগের দিন গতকাল শুক্রবার বাঁশ নিয়ে মহড়া দিয়েছে জেলা আওয়ামী লীগ। জেলার আট উপজেলার নেতা-কর্মীদের নিয়ে বিকেলে শহরের টাউন হল ময়দানে বিক্ষোভ সমাবেশ করে দলটি।

বিএনপির সমাবেশের দিনেই শহরের টাউন হল মাঠে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত পেশাজীবী কর্মচারী ঐক্য পরিষদের সমাবেশের প্রস্তুতি নেওয়া হচ্ছে
ছবি: প্রথম আলো

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম বলেন, বিএনপির সমাবেশ জনগণ যদি প্রতিহত করে তার জন্য আওয়ামী লীগ দায়ী থাকবে না। ২৭ মে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো কর্মসূচি রাখা হয়নি।

সংঘাতের আশঙ্কার বিষয়ে জানতে চাইলে যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসেন বলেন, একই দিনে পাশাপাশি দুটি সমাবেশ হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কা নেই। কারণ, শান্তিপূর্ণভাবে সমাবেশ করার জন্য পুলিশ দুই পক্ষকে আহ্বান জানিয়েছে।  বিএনপির কিছু নেতা–কর্মী সমাবেশে বাঁশ নিয়ে এলেও তাঁদের বলার পর তাঁরা নিজেরা সেগুলো ফেলে দিয়েছেন। সব ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে যশোরের প্রবেশদ্বারগুলোয় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।