অভয়নগরে আওয়ামী লীগ নেতাকে দোকান থেকে ধরে নিয়ে মারধর

অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারের নূরবাগ এলাকায় যশোর-খুলনা মহাসড়কের ওপর আওয়ামী নেতাকে মারধর করা হয়েছে। আজ রোববার সকালেছবি: ভিডিও থেকে নেওয়া

যশোরের অভয়নগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে মারধর করা হয়েছে। আজ রোববার সকালে কয়েকজন উপজেলার নওয়াপাড়া বাজারের নূরবাগ এলাকায় একটি দোকান থেকে ধরে নিয়ে যশোর-খুলনা মহাসড়কের ওপর তাঁকে মারধর করেন।

ওই আওয়ামী লীগ নেতা হলেন আবদুর রউফ মোল্যা (৫৮)। তিনি অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। তিনি যশোর জেলা পরিষদের সাবেক সদস্য এবং নওয়াপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

মারধরে আহত আবদুর রউফ মোল্যাকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে আবদুর রউফ মোল্যা নওয়াপাড়া বাজারের নূরবাগে অবস্থিত জেলা পরিষদের মার্কেটে নজরুল ইসলামের দোকানে বসে ছিলেন। এ সময় পাঁচ-সাত ব্যক্তি সেখান থেকে তাঁকে ধরে সামনের যশোর-খুলনা মহাসড়কের ওপর নিয়ে বেদম মারধর করেন। এরপর একজন নারীর ভিডিও করা হয়। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
আহত অবস্থায় আবদুর রউফ মোল্যাকে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে চিকিৎসা নিয়ে আজ বিকেলে তিনি অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের বাড়িতে ফিরেছেন।

আরও পড়ুন

ওই ঘটনার কয়েকটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, আবদুর রউফ মোল্যা মহাসড়কের ওপর বসে আছেন। তাঁর পরনের প্যান্ট পায়ের নিচ থেকে কিছুটা ওপরে ওঠানো। পায়ের বেরিয়ে থাকা অংশে কয়েকটি আঘাতের চিহ্ন। তাঁর পাশে এক জোড়া স্যান্ডেল। এক পাশে বসে আছেন বোরকা পরিহিত এক নারী। কিছু লোক গোল হয়ে তাঁদের ঘিরে রেখে চিৎকার-চেঁচামেচি করছেন।

আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে, আহত আবদুর রউফ মোল্যাকে ইঞ্জিনচালিত ভ্যানে তুলে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার জন্য চেষ্টা করছেন কয়েকজন। এ সময় ভ্যান যাতে না যেতে পারে, সে জন্য সামনে থেকে বাধা দিচ্ছেন কয়েকজন। তাঁরা জোরে জোরে ভ্যানের হ্যান্ডেল চেপে ধরে বাধা দিচ্ছেন। পরে তাঁদের সরিয়ে তাঁকে নিয়ে ভ্যানটি চলতে শুরু করেন।

আরও পড়ুন

আবদুর রউফ মোল্যা জানান, তিনি আজ সকালে যশোরে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। এরপর নওয়াপাড়া বাজারের নূরবাগে জেলা পরিষদের মার্কেটের একটি দোকানে তিনি বসে ছিলেন। এ সময় কয়েকজন যুবক সেখান থেকে তাঁকে ধরে নিয়ে যায়। এরপর তাঁরা লাঠি এবং লোহার পাইপ দিয়ে তাঁর শরীরের বিভিন্ন অংশে ব্যাপক মারধর করেন।

স্থানীয় দোকানি নজরুল ইসলাম বলেন, আবদুর রউফ মোল্যা সকাল সাড়ে ১০টার দিকে আমার দোকানে বসে ছিলেন। হঠাৎ পাঁচ থেকে সাতজন এসে তাঁকে ধরে নিয়ে বেধড়ক মারধর করে।

আরও পড়ুন

অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সৌমিক সেন বলেন, আবদুর ইউর মোল্যা নামে একজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। তাঁর শরীরে বেশ কয়েক জায়গায় আঘাতের চিহ্ন ছিল। তাঁর ইন্টারনাল ইনজুরি হয়েছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, অতি উৎসাহী কিছু লোক মব সৃষ্টির চেষ্টা করে আবদুর রউফ মোল্যাকে মারধর করেছে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।