সাভারে শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধ, ২০০ কারখানায় ছুটি

সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। মঙ্গলবার দুপুর সাড়ে তিনটার দিকেছবি : প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ঢাকার সাভার ও আশুলিয়ায় আজ শ্রমিক বিক্ষোভের জেরে প্রায় ২০০ কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, আজ (মঙ্গলবার) সকালে সাভার ও আশুলিয়ায় অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে শ্রমিকেরা কাজ করছিলেন। কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কারখানায় অবস্থান করছিলেন। এমন পরিস্থিতিতে কিছু কারখানা ছুটি ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে শ্রমিক বিক্ষোভের কারণে বিভিন্ন সময় আরও প্রায় ২০০ কারখানা ছুটি ঘোষণা করা হয়।

মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, গত কয়েক দিনের আন্দোলনে দায়িত্ব পালন করার সময় শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে অর্ধশতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন।

এদিকে আজ সকাল থেকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের বিভিন্ন স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে নির্ধারিত সময়ে আশুলিয়ার আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের আশপাশের বিভিন্ন কারখানায় শ্রমিকেরা উপস্থিত হন। কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বসে থাকেন। এ পরিস্থিতিতে কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

আরও পড়ুন

সকাল সাড়ে ৮টার দিকে নরসিংহপুর এলাকায় হা-মীম গ্রুপের একটি কারখানার সামনের সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। পরে বিক্ষোভকারীরা ওই এলাকার বিভিন্ন গলিতে অবস্থান নেন। সকাল ১০টার দিকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের ইউনিক এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় একটি গলিতে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন শ্রমিকেরা
ছবি: প্রথম আলো

এ ছাড়া আজ দুপুরে হেমায়েতপুর থেকে সিঙ্গাইর সড়কের পদ্মার মোড়ে জড়ো হন স্থানীয় কয়েকটি কারখানার শ্রমিকেরা। পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে শ্রমিকেরা সেখান থেকে সরে বেলা সাড়ে তিনটার দিকে হেমায়েতপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পুলিশ তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে শ্রমিকেরা সড়ক থেকে সরে যান এবং যানবাহন চলাচল শুরু হয়।