মসজিদের কক্ষে রাখা ‘ব্যাগ থেকে’ বিস্ফোরণ, তবে বিস্ফোরকের উপস্থিতি মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা মডেল মসজিদের বিস্ফোরণে দ্বিতীয় তলার একটি কক্ষের দুটি দরজা, দুটি জানালা, মেঝে ও সিলিংয়ের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে
ছবি: প্রথম আলো

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মডেল মসজিদের একটি কক্ষে বিস্ফোরণের ঘটনায় প্রাথমিকভাবে বিস্ফোরকের কোনো উপস্থিতি পায়নি র‌্যাবের বিস্ফোরক বিশেষজ্ঞ দল। তবে দলের সদস্যরা ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করেছেন। পরীক্ষা-নিরীক্ষার করে এ বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে বিস্ফোরণের ঘটনায় মসজিদের দায়িত্বে থাকা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আবদুল হালিমকে (৩০) আটক করা হয়েছে। তাঁর ব্যাগ থেকেই বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আবদুল হালিমের দাবি, ব্যাগে বডি স্প্রের বোতল ছাড়া অন্য কিছু ছিল না। তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে। তাঁর বাড়ি খাগড়াছড়ি জেলায়।

গত মঙ্গলবার রাত আনুমানিক সোয়া ১১টার দিকে বেগমগঞ্জ উপজেলার আলীপুর এলাকায় চৌমুহনী-মাইজদী মহাসড়কের পশ্চিম পাশের উপজেলা মডেল মসজিদের দ্বিতীয় তলার একটি কক্ষে বিকট শব্দে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কক্ষটির দুটি দরজা, তিনটি জানালা ক্ষতিগ্রস্ত হয়। মেঝে ফেটে যায় এবং ওপরের সিলিংয়েরও বেশ ক্ষতি হয়। বিস্ফোরণের পর কক্ষটিতে আগুন ধরে যায়। তবে কক্ষে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

আরও পড়ুন

বিস্ফোরণের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ সকালে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির অপর চার সদস্য হলেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবুল কাশেম, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসির আরাফাত, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূঁইয়া এবং বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল ইসলাম।

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ আজ বেলা সোয়া ১১টার দিকে প্রথম আলোকে বলেন, তিনি কেবলই তদন্তের দায়িত্বের চিঠি পেয়েছেন। আজই কমিটির সদস্যদের নিয়ে কাজ শুরু করবেন।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম আজ সকালে প্রথম আলোকে বলেন, মডেল মসজিদের কক্ষে বিস্ফোরণের ঘটনার পরপরই জেলা পুলিশ বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। একই সময় বিস্ফোরণের উৎস সম্পর্কে নিশ্চিত হতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরাও।

এসপি শহীদুল ইসলাম বলেন, গতকাল বুধবার রাতে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা অত্যাধুনিক স্ক্যানার যন্ত্র নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা জানিয়েছেন, বিস্ফোরণস্থলে কোনো বিস্ফোরকের উপস্থিতি খুঁজে পাওয়া যায়নি। তবে তাঁরা ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করে নিয়ে গেছেন। ঢাকায় নিয়ে সেগুলো পরীক্ষা-নিরীক্ষার পর একটি প্রতিবেদন দেওয়া হবে, যার আলোকে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার প্রথম আলোকে বলেন, বিস্ফোরণটি ওই কক্ষে ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আবদুল হালিমের রাখা ব্যাগ থেকে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, তাঁর ব্যাগের ভেতর বডি স্প্রের একটি বোতল ছিল। এ ছাড়া অন্য কিছু ব্যাগে ছিল না। বডি স্প্রের বোতল থেকে এ ধরনের বিস্ফোরণ ঘটতে পারে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এ কারণে ফিল্ড সুপারভাইজারকে সন্দেহভাজন হিসেবে আটক দেখিয়ে ৫৪ ধারায় আদালতে পাঠানো হবে। পাশাপাশি ঘটনাটিকে ঘিরে পুলিশের তদন্ত অব্যাহত থাকবে। পুলিশের তদন্ত এবং র‌্যাবের বিস্ফোরক বিশেষজ্ঞের কাছ থেকে প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।