কুষ্টিয়ায় যুবকের হাত-পা ভাঙা লাশ উদ্ধারের ঘটনায় মামলা, চাচাতো বোন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া কুমারখালীতে উঠানে পড়ে থাকা লাশ উদ্ধার করে পুলিশ। বুধবার সকালে
ছবি: প্রথম আলো

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় যুবক স্বপন আলীকে (২৭) হত্যার পর লাশ বাড়ির উঠানে ফেলে রাখার ঘটনায় মামলা হয়েছে। গতকাল বুধবার গভীর রাতে নিহত স্বপন আলীর মা সায়েরা খাতুন বাদী হয়ে কুমারখালী থানায় পাঁচজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।

মামলায় আরও পাঁচ থেকে ছয়জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার পর আটক নিহত স্বপনের চাচাতো বোন সুমি খাতুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে নেওয়া হবে।

গতকাল কুমারখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জালাল মোড় এলাকা থেকে স্বপন আলীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত স্বপন আলী চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার বোয়ালিয়া গ্রামের আবদুর রশিদের ছেলে।

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, কুমারখালীর যে বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটেছে, ওই বাড়িতে স্বপনের চাচাতো বোনের বিয়ে হয়েছে। গতকাল বিকেলেই স্বপনের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে পুলিশ। পরে রাতেই চুয়াডাঙ্গায় লাশ দাফন করা হয়েছে।

স্বপনের বাবা আবদুর রশিদ বলেন, তাঁর ভাতিজির সঙ্গে স্বপনের প্রেমের সম্পর্ক ছিল। গত মঙ্গলবার রাত ১০টার দিকে ভাতিজি তাঁর ছেলেকে ফোন করে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে আসেন। পরে বাড়ির লোকজন স্বপনকে পিটিয়ে হত্যা করে লাশ ফেলে পালিয়ে গেছেন।

নিহত স্বপন আলীর বাবার আহাজারি। বুধবার সকালে কুমারখালী পৌরসভার জালাল মোড় এলাকায়
ছবি: প্রথম আলো

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, চাচাতো বোনের সঙ্গে পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলার অন্য আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন