নাটোরের সিংড়ায় সড়কে শৃঙ্খলা ফেরাতে ইউএনওর অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রাম্যমাণ আদালত
প্রতীকী ছবি

নাটোরে সিংড়ায় অবৈধ যানবাহন ও চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম সামিরুল ইসলাম। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদের কার্যালয়ের সামনে নাটোর-বগুড়া মহাসড়কে তিনি এ অভিযান পরিচালনা করেন।

ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, নাটোর-বগুড়া মহাসড়কে প্রতিনিয়ত অবৈধ যানবাহন ও লাইসেন্সবিহীন চালকদের অরাজকতা চলে আসছিল। এ ব্যাপারে ব্যবস্থা নিতে আজ দুপুরে আকস্মিকভাবে মহাসড়কের চলনবিল গেট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে নামেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম সামিরুল ইসলাম। এ সময় অবৈধ যানবাহন এবং ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস ও বিমার কাগজপত্র নেই, এমন যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন তিনি।

এ সময় সড়ক পরিবহন আইন-২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে ৩টি বাস ও ২টি মোটরসাইকেল আটক করেন ইউএনও। পরে চালকদের সাত হাজার টাকা জরিমানা করেন তিনি।

খবর পেয়ে ট্রাফিক সার্জেন্ট রতন আহমেদ ও টিএএসআই আবদুল আলিমও সেখানে উপস্থিত হন।