ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব গুলিবিদ্ধ, আ.লীগের বিরুদ্ধে অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলবিদ্ধ ফরিদপুরে জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া
ছবি: সংগৃহীত

ফরিদপুরে জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া (৫০) গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছে বিএনপি। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর সদরের বাহিরদিয়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী বলেন, এ কে কিবরিয়ার নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অবরোধের দ্বিতীয় দিনে আজ বাহিরদিয়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে অবরোধ কর্মসূচি পালনের উদ্যোগ নেন। এ সময় আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা হামলা চালান। হামলাকারীদের ছোড়া ছররা গুলি কিবরিয়ার হাতে লাগে। এ ছাড়া ওই হামলায় আহত হয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম।

সৈয়দ মোদাররেছ আরও বলেন, গুলিবিদ্ধ কিবরিয়ার চিকিৎসা চলছে। তবে কোথায় চিকিৎসা নিচ্ছেন, তা বলতে অস্বীকৃতি জানান তিনি।

আরও পড়ুন

এ অভিযোগ সম্পর্কে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী আশরাফ প্রথম আলোকে বলেন, বাহিরদিয়া এলাকায় বিএনপির নেতা-কর্মীরা বাস ভাঙচুরের উদ্যোগ নিচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মোটরসাইকেল নিয়ে আসছিলেন। পরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

আরও পড়ুন

বিএনপির নেতা কিবরিয়া গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নাকচ করে দিয়ে আলী আশরাফ বলেন, পালাতে গিয়ে কিবরিয়া বিদ্যুৎ অফিসের সামনে মহাসড়কের পাশে ড্রেনে পড়ে গিয়েছিলেন। এ কারণে তাঁর হাতসহ শরীরের বিভিন্ন জায়গা ছিলে গেছে। গুলি ছোড়ার কোনো ঘটনা ঘটেনি।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল বলেন, ওখানে বিএনপির সমর্থকেরা পিকেটিং করার চেষ্টা করছিলেন। ওই সময় পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে গেলে তাঁরা পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা দুটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসে।