ময়মনসিংহে হামের লক্ষণ নিয়ে আরও ৩৩ শিশু হাসপাতালে ভর্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে চিকিৎসা নিচ্ছে শিশুরা। সম্প্রতি তোলাফাইল ছবি: প্রথম আলো

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৩৩ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছে ৮৮ শিশু।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব শিশু ভর্তি হয়। গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ভর্তি হয়েছে ৫১৫টি শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪১৪টি শিশু এবং মৃত্যু হয়েছে ১৩টি শিশুর।

আরও পড়ুন

সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১১টি শিশু সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে। একই সময়ে গুরুতর অবস্থায় দুই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে হামের লক্ষণ নিয়ে রোগী ভর্তি হতে শুরু করলেও মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের ৬৪ শয্যার পৃথক আইসোলেশন ওয়ার্ডে তিনটি মেডিকেল টিম কাজ করছে।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩টি শিশু ভর্তি হয়েছে। তবে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। গুরুতর অসুস্থ দুই শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন