১১ মে পদত্যাগ করতে পারেন খুলনার মেয়র তালুকদার খালেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তালুকদার আবদুল খালেক
ফাইল ছবি

নির্বাচনে অংশ নেওয়ার জন্য খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক এখনো মেয়র পদটি ছাড়েননি। তবে মেয়রের পদ থেকে ১১ মে তিনি পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। গতকাল মঙ্গলবার তালুকদার আবদুল খালেক রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

১৬ মে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। নির্বাচনে অংশ নিতে হলে এর আগেই মেয়রকে পদত্যাগ করতে হবে বলে জানিয়েছেন খুলনা সিটি করপোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ। তিনি প্রথম আলোকে বলেন, মেয়র পদে থাকা অবস্থায় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। তবে কাউন্সিলররা নির্বাচন করতে পারবেন। তাই তালুকদার আবদুল খালেককে মেয়র পদ থেকে অবশ্যই পদত্যাগ করতে হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে যেকোনো দিন তিনি সেটা করতে পারেন। তিনি পদত্যাগ করার পর স্থানীয় সরকারের আইন অনুযায়ী একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মেয়রের দায়িত্ব পালন করবেন।

জানতে চাইলে খুলনা সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, মেয়র পদত্যাগ করার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে যে কাউকে মেয়রের দায়িত্ব দেওয়া হতে পারে। এটা নির্ভর করবে সরকারের ওপর।

আরও পড়ুন

কবে পদত্যাগ করবেন, সে ব্যাপারে জানতে গতকাল রাতে তালুকদার আবদুল খালেকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। আজ বুধবার সকাল থেকেই তাঁর মুঠোফোনটি বন্ধ রয়েছে।

তালুকদার আবদুল খালেকের হয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ১১ মে তালুকদার আবদুল খালেক মেয়রের পদ থেকে পদত্যাগ করবেন বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়ে আছে। তাঁর পক্ষ থেকে ইতিমধ্যে সব ধরনের নির্বাচনী প্রস্তুতিও নেওয়া হয়েছে। খুলনা মহানগর আওয়ামী লীগও নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত।

তালুকদার আবদুল খালেক বর্তমান মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি। তিনি আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। এটা নিয়ে টানা চারবার আওয়ামী লীগ তাঁকে দলীয় মনোনয়ন দিয়েছে। ২০০৮ ও ২০১৮ সালে মেয়র নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে ২০১৩ সালে বিএনপির প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামানের কাছে হেরে যান।

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য এ পর্যন্ত চারজন মনোনয়নপত্র কিনেছেন। এর মধ্যে গত বৃহস্পতিবার স্বতন্ত্র প্রার্থী এস এম শফিকুর রহমান, রোববার জাতীয় পার্টির আবদুল গফ্ফার বিশ্বাস, সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আবদুল আউয়াল ও মঙ্গলবার আওয়ামী লীগের মনোনীত তালুকদার আবদুল খালেক মনোনয়নপত্র কেনেন।