বিআরটি প্রকল্প আরও ভেবেচিন্তে নিলে ভালো হতো: ওবায়দুল কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উড়ালসড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। শনিবার দুপুর ১২টায় টঙ্গী স্টেশন রোড এলাকায়
ছবি: আল-আমিন

ঢাকার বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ চলছে প্রায় ১১ বছর ধরে। দীর্ঘ সময় ধরে চলা প্রকল্পটি সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলেছে, অনেক সমালোচনা হয়েছে। এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রকল্পটি আরও ভেবেচিন্তে নিলে ভালো হতো। আজ শনিবার দুপুর ১২টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় প্রকল্পের একটি উড়ালসড়ক পরিদর্শন করতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আসলে গাজীপুরের এই সড়কে (ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে) এ ধরনের প্রকল্প চিন্তা করার আগে আমাদের আরও গভীরভাবে ভেবেচিন্তে প্রজেক্ট নিলে ভালো হতো। এই সড়কে মানুষের অনেক ভোগান্তি হয়েছে। আমি আপনাদের (সাংবাদিক) সঙ্গে অনেকবার কথা বলেছি। অনেক সমালোচনা হয়েছে। তারপরও প্রকল্পটির সময় বাড়ানোর প্রস্তাব এসেছে। কিন্তু আমাদের যে বাস্তবতা, রাস্তা ও আশপাশের, তাতে এটি ভোগান্তি আরও বাড়াবে। রাজধানীর একটা বিরাট অংশ দুর্ভোগের কবলে পড়বে।’

আরও পড়ুন

সড়কে শৃঙ্খলা আনা এখনো একটা বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘সার্বিক বিবেচনায় সবচেয়ে বেশি দরকার রাস্তার শৃঙ্খলা ও পরিবহনের শৃঙ্খলা আনা। গত পবিত্র রমজানের ঈদের আগে এই প্রকল্পের একটি উড়ালসড়কের কিছু অংশ খুলে দেওয়া হয়েছিল। একটি জটিল অংশ, যেটা খুব বেশি ভোগান্তির কারণ হতে পারে, সেটার সাড়ে চার কিলোমিটার এলিভেটেড অংশ ঈদের আগে খুলে দেওয়া হতে পারে। তখন এটা অনেক কাজে আসবে। মানুষের আগের মতো ভোগান্তি হবে না।’

সেতুমন্ত্রী উড়ালসড়কটি পরিদর্শনে আসেন বেলা সাড়ে ১১টার দিকে। প্রথমে উড়ালসড়কটির সাইদগ্র্যান্ড সেন্টারের সামনে থেকে টঙ্গীর কলেজ গেট পর্যন্ত পরিদর্শন করেন। এরপর দুপুর পৌনে ১২টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন, গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মাহবুব আলম প্রমুখ।

আরও পড়ুন
আরও পড়ুন