নড়াইলে বিএনপির দুই নেতাকে হত্যার ঘটনায় ছয় দিন পর মামলা
নড়াইলের কালিয়ায় উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা ও পৌর কৃষক দলের সদস্যসচিব শাহিনুর ইসলাম নিহত হওয়ার ছয় দিন পর হত্যা মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সোহেল রানার বড় ভাই জুয়েল মোল্যা ৫১ জনের নাম উল্লেখ করে কালিয়া থানায় মামলাটি করেন। এতে অজ্ঞাতপরিচয় আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী মুঠোফোনে প্রথম আলোকে মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এর আগে আটক দুজনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।
নিহত ব্যক্তিদের পরিবারের অভিযোগ, ১৮ নভেম্বর বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। সন্ধ্যায় মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিলটি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হকের গ্রামের বাড়ি বেন্দারচরের সড়কে প্রবেশ করে। এ সময় মিছিলে হামলার অভিযোগ ওঠে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে।
হামলায় গুরুতর আহত হন উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা ও পৌর কৃষক দলের সদস্যসচিব শাহিনুর ইসলাম। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।
এ ঘটনার জেরে পরে অভিযুক্ত পক্ষের ঘরবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।