রংপুর সিটি নির্বাচনে ১০ মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ১০ জন মেয়র প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যাচাই-বাছাই শেষে সব মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।
বৈধ প্রার্থীরা হলেন জাতীয় পার্টি মনোনীত মোস্তাফিজার রহমান, আওয়ামী লীগের হোসনে আরা লুৎফা (ডালিয়া), জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান (পিয়াল), খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল, জাকের পার্টির খোরশেদ আলম, বাংলাদেশ কংগ্রেস পার্টির আবু রায়হান এবং স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান (বনি), লতিফুর রহমান ও আতাউর জামান।
এর আগে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গত ২৯ নভেম্বর পর্যন্ত নির্বাচনে মেয়র পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ঘোষিত তফসিল অনুযায়ী, ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে রংপুর সিটি করপোরেশন নির্বাচন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৮ ডিসেম্বর। পরের দিন ৯ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
২০১২ সালের ২৮ জুন ৩৩টি ওয়ার্ড নিয়ে রংপুর সিটি করপোরেশন গঠনের পর ওই বছরের ২০ ডিসেম্বর প্রথমবারের মতো দলীয় প্রতীক ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হয়। সেবার ১ লাখ ৬ হাজার ২৫৫ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন সরফুদ্দিন আহমেদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাফিজার রহমান পেয়েছিলেন ৭৭ হাজার ৮০৫ ভোট এবং বিএনপির নেতা কাওসার জামান পেয়েছিলেন ২১ হাজার ২৩৫ ভোট।
২০১২ সালে সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৫৭ হাজার ৭৪২। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ১২৮ এবং নারী ভোটার ১ লাখ ৭৮ হাজার ৬১৪। দ্বিতীয় মেয়াদে ২০১৭ সালের ২১ ডিসেম্বর দলীয় প্রতীকে অংশ নিয়ে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান ১ লাখ ৬০ হাজার ৪৮৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সরফুদ্দিন আহমেদ পান ৬২ হাজার ৪০০ ভোট এবং বিএনপির প্রার্থী কাওসার জামান পেয়েছিলেন ৩৫ হাজার ১৩৬ ভোট।
২০১৭ সালে ভোটার ছিল ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৬ হাজার ৩৫৬ এবং নারী ১ লাখ ৯৭ হাজার ৬৩৮। এবার ভোটার বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২৬ হাজার ৪৬৯। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১২ হাজার ৩০২ এবং নারী ভোটার ২ লাখ ১৪ হাজার ১৬৭। ২২৯টি কেন্দ্রে সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে।