নাটোরের নলডাঙ্গায় ড্রামে ভরে কৃষক মোজাহার আলীর লাশ ভ্যানে করে সড়কের পাশে ফেলে যান তাঁর স্ত্রী ও মেয়ে। লাশসহ ড্রাম বহনকারী ভ্যানের চালক জহুরুল ইসলাম গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে এসব কথা বলেন। তবে বিষয়টি জানাজানি হয় আজ শুক্রবার।
নলডাঙ্গা থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে সেনভাগ মফাপাড়া এলাকায় সড়কের পাশে তালাবদ্ধ একটি টিনের ড্রাম পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে ড্রাম খুলে অজ্ঞাতনামা এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করে। ২৪ ঘণ্টার মধ্যে লাশের পরিচয় শনাক্ত হয়। লাশটি রাজশাহীর বাগমারা উপজেলার নখোপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে কৃষক মোজাহার আলীর।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পরের দিন ভ্যানচালক জহুরুল ইসলামকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের কাছে লাশসহ ড্রামটি বহন করার কথা স্বীকার করেন। বৃহস্পতিবার দুপুরে তাঁকে নলডাঙ্গা আমলি আদালতে হাজির করা হয়। সেখানে সন্ধ্যার পর তিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
জহুরুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাতে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম কলেন, কৃষক মোজাহার আলীর লাশ ভ্যানে সড়কের পাশে ফেলে যান তাঁর স্ত্রী মোহসিনা বেগম ও মেয়ে মৌসুমি খাতুন। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে তাঁরা বাড়িতে তালা লাগিয়ে আত্মগোপন করেছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ভ্যানচালক জহুরুল ইসলাম আদালতকে জানিয়েছেন, নিহত ব্যক্তির মেয়ে মৌসুমী ফোন করে তাঁকে বাড়িতে ডেকে নেন এবং তিন হাজার টাকা ভাড়ায় লাশ গুম করার কথা বলেন। মৌসুমী ও তাঁর মা মোহসিনা বেগম ভ্যানে থাকবেন, এই আশ্বাসে তিনি ড্রামটি বহনে রাজি হন। গত সোমবার সন্ধ্যার পর ড্রামটি সেনভাগ মফাপাড়া এলাকায় সড়কের পাশে ফেলে রেখে আসা হয়। জবানবন্দি দেওয়ার পর জহুরুল ইসলামকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
লাশ শনাক্তের আগেই এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নলডাঙ্গা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করে। ঘটনার পর থেকেই মোজাহার আলীর স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে বাড়িতে তালা দিয়ে আত্মগোপনে চলে গেছেন। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, স্ত্রী-সন্তানেরাই জমিজমার জন্য মোজাহারকে হত্যা করতে পারেন। তবে অন্য ঘটনাও থাকতে পারে। এ ঘটনা তদন্তের পাশাপাশি ওই ব্যক্তির স্ত্রী ও সন্তানদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।