সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে: খুলনায় সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে। সবার সমান সুযোগ থাকবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কোনো পক্ষপাতমূলক নির্বাচন হবে না। কোনো ভোটারকে বাধা দেওয়া যাবে না। কোনোভাবে ভোটারদের অধিকার খর্ব করা যাবে না। সিসিটিভি ক্যামেরা দিয়ে সবকিছু কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হবে।
খুলনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আজ মঙ্গলবার দুপুরে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিইসি। এ সময় তাঁর সামনে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণকারী মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা তাঁদের মতামত এবং নির্বাচন আচরণবিধিসহ বিভিন্ন বিষয়ে সিইসির সামনে তুলে ধরেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমাদের দেশে প্রত্যাশিত মাত্রায় নির্বাচনী সংস্কৃতি গড়ে ওঠেনি। তবে দেশে নির্বাচন সংস্কৃতির উন্নয়ন হয়েছে। গাজীপুরে সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থী পরাজয় মেনে নিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। এটা একটি ভালো সংস্কৃতি।’
প্রার্থীদের উদ্দেশে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ভোটের দিন সক্রিয় হবেন। প্রতিটা বুথ এজেন্ট নিয়োগ দেবেন। আচরণবিধি মেনে চলবেন। আচরণবিধি প্রতিপালনের দায়িত্ব আপনার। আচরণবিধি ভঙ্গ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচন ভোটারের অধিকার; ভোটারকে অধিকার বঞ্চিত করবেন না। ভোটাররা কেন্দ্রে আসবেন, তাঁদের ভোট প্রয়োগ করতে দিতে হবে। ভোটাররা নির্ভয়ে তাঁদের ভোট দেবেন। ভোটাররা কাকে ভোট দেবেন, সেটা তাঁদের ব্যাপার। আমাদের দায়িত্ব সুষ্ঠুভাবে ভোটারদের ভোট প্রয়োগের সুযোগ করে দেওয়া।’
এ সময় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলেন প্রার্থীরা। জবাবে সিইসি বলেন, ‘আমরা ইভিএমে ভোট করছি। ইভিএমে একজনের ভোট আরেকজন দেওয়ায় কিংবা কারচুপির মাধ্যমে ফলাফল পরিবর্তনের ন্যূনতম কোনো সুযোগ নেই। ইভিএম মেশিনে ফলাফল পরিবর্তন সম্ভব না। এমন হলে গাজীপুর ও কুমিল্লায় আমাদের কাছে অভিযোগ আসত, আদালতে যেত। কেউ তো আদালতে যায়নি। গাজীপুরে একজন ভোটারও ভোট না দিয়ে ফিরে যাননি। একটি ইভিএমে সমস্যা দেখা দিয়েছিল, সেটিও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।’
খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান ও নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।
সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন, খুলনা মহানগর পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঁঞা, খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মঈনুল হক, খুলনার পুলিশ সুপার মাহবুব হাসানসহ ১০ জন সরকারি রিটার্নিং কর্মকর্তা।
মেয়র প্রার্থীর মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেক, জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন মনোনীত মেয়র প্রার্থী আবদুল আউয়াল, জাকের পার্টি মনোনীত মেয়র প্রার্থী এস এম সাব্বির আহম্মেদ ও স্বতন্ত্র মেয়র প্রার্থী এস এম শফিকুর রহমান।