হোসেনপুরে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ২০
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ সোমবার দুপুরে পৌর সদর বাজার এলাকার আসাদুজ্জামান খান অডিটরিয়ামের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় একটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
দলীয় নেতা-কর্মী ও স্থানীয় লোকজন জানান, আজ দুপুর ১২টার দিকে হোসেনপুর ছাত্রলীগের একাংশ পৌর সদর বাজারে নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশের পাশাপাশি ঝাড়ু ও জুতা মিছিল করে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী তাদের এ কর্মসূচি চলে। এদিকে বেলা দেড়টার দিকে হোসেনপুর ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতা-কর্মীরা কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেন এবং নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় হোসেনপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের পাশে আসাদুজ্জামান খান অডিটরিয়ামের সামনে উভয় পক্ষের মধ্যে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে এবং ইটপাটকেল নিক্ষেপ হয়।
এ সময় অন্তত ২০ জন আহত হন। এর মধ্যে চারজনকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। আরও অন্তত ১০ জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বেলা দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষের কারণে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বাজারের দোকানপাট বন্ধ করেন দোকানিরা এবং এলাকায় আতঙ্ক সৃষ্টির কারণে সাধারণ মানুষজন দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। এ সময় রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে পুড়িয়ে দেন বিক্ষোভকারীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নবগঠিত কমিটির বিপক্ষে আন্দোলনরত পদবঞ্চিত নেতা আমির হামজা বলেন, ৫ অক্টোবর কমিটি ঘোষণার পর থেকে বিতর্কিত এ কমিটি বাতিলের দাবিতে তাঁরা প্রতিদিন আন্দোলন-সংগ্রামের কর্মসূচি চালাচ্ছেন। আজ পূর্বঘোষণা অনুযায়ী বিক্ষোভ সমাবেশসহ ঝাড়ু ও জুতা মিছিলের কর্মসূচি দেওয়া হয়। সে অনুযায়ী তাঁরা দুপুর ১২টার দিকে পৌর সদরের কুড়িঘাট বধ্যভূমি এলাকায় বিক্ষোভ সমাবেশ করে সেখান থেকে ঝাড়ু ও জুতা মিছিল নিয়ে মিষ্টিপট্টি হয়ে হাসপাতাল মোড়ের দিকে আসছিলেন। তখন অপর পক্ষ মিছিল নিয়ে আসে। এ সময় উভয় পক্ষের সংঘর্ষ বাধে।
নবগঠিত কমিটির সভাপতি মুস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন পর হোসেনপুর ছাত্রলীগের কমিটি ঘোষণা হয়েছে। কমিটি নিয়ে যেসব সমালোচনা করা হচ্ছে, সেগুলো প্রতিহিংসা থেকে করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হচ্ছে সেগুলো ভিত্তিহীন। আজ বেলা দেড়টার দিকে হোসেনপুর হাসপাতাল মোড়ে নেতা-কর্মীরা তাঁদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় প্রতিপক্ষরা হামলা চালিয়ে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করে ও মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করে।
৫ অক্টোবর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ২৯ সদস্যের উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগ। এর পর থেকে প্রতিদিন বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন পদবঞ্চিতরা। থমথমে পরিস্থিতির মধ্যে আজ দুপুরে পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিলের পর আনন্দমিছিল করেন নবগঠিত কমিটির নেতা-কর্মীরা।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাসুদ আলম বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।