১৮ বছর পর বাড়ি ফিরলেন বাদল ফরাজি, নিজ হাতে খাওয়ালেন মা
ঘড়ির কাঁটায় তখন রাত ১১টা বাজতে ২ মিনিট বাকি। বাগেরহাটের মোংলা পৌরসভার কুমারখালী এলাকার মোর্শেদ সড়কে এসে থামল পুলিশের গাড়ি। গাড়ির দরজা খুলে নামলেন বাদল ফরাজি। তাঁকে একনজর দেখতে তখন অপেক্ষায় অনেক মানুষ। দীর্ঘ ১৮ বছর পর নিজ তাঁকে দেখেই আবেগ ধরে রাখতে পারেননি স্বজন ও প্রতিবেশীরা। কেউ জড়িয়ে ধরছেন, কেউ চোখের পানি মুছছেন। চারপাশে তখন আনন্দ আর কান্নার এক মিশ্র আবহ।
মঙ্গলবার সকালে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে প্যারোলে মুক্তি পাওয়ার পর বাদল ফরাজিকে নিয়ে বাগেরহাটের উদ্দেশে রওনা হয় পুলিশ। প্রথমে তাঁকে নেওয়া হয় বাগেরহাট কারাগারে। সেখান থেকে রাত পৌনে নয়টার দিকে তাঁকে আনা হয় মোংলা থানায়। সেখানেই মা ও বোনের সঙ্গে দেখা হয় বাদলের। মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন বাদল। পরে রাত প্রায় ১১টার দিকে পুলিশের গাড়িতে করে নিজের বাড়িতে পৌঁছান তিনি।
গাড়ি থেকে নামার পরপরই বাদলকে ঘিরে ধরেন এলাকার মুরব্বিরা। পুলিশের প্রহরা থাকলেও তাঁদের আবেগের কাছে তা বাধা হয়ে দাঁড়ায়নি। এরপর পুলিশ তাঁকে নিয়ে বাড়ির গলিতে ঢুকে পড়ে। বাইরে তখন অসংখ্য মানুষের ভিড়। তবে নিরাপত্তার কারণে কাউকে বাড়ির ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না।
বাড়ির বারান্দায় অপেক্ষায় ছিলেন স্বজনেরা। বাদলকে দেখামাত্রই তাঁরা আনন্দের কান্নায় ভেঙে পড়েন। একে একে জড়িয়ে ধরেন তাঁকে। বাদলও সবাইকে বুকে টেনে নেন। স্বজনদের উদ্দেশে বলতে থাকেন, ‘এই তো আমি ফিরে আসছি।’
বাড়ির বাইরে দাঁড়িয়ে একজনকে মুঠোফোনে বাদলের ফিরে আসার খবর জানাচ্ছিলেন এক ব্যক্তি। ফোনে কথা শেষ করে তিনি বললেন, তাঁর নাম মোহাম্মদ জামাল পেয়াদা। অনেক বছর আগে বাদলকে শেষবার দেখেছিলেন তিনি। বাদলকে জড়িয়ে ধরতে পেরে তাঁর চোখেমুখেও ছিল তৃপ্তির ছাপ। তিনি বলেন, ‘খুব ভালো ছেলে বাদল। দীর্ঘ সময় পর তাকে জড়িয়ে ধরতে পেরেছি। ছেলেটার স্থায়ী মুক্তি মিলুক, সেই কামনাই করি।’
বাদলের বোন আকলিমা বেগম বলেন, ভাইয়ের সঙ্গে দেখা হওয়ার পর তাঁরা ভীষণ খুশি। তবে এই আনন্দের মধ্যেও তাঁদের একটাই চাওয়া, ভাই যেন স্থায়ীভাবে মুক্তি পান।
বাদলের ফেরাকে ঘিরে বাড়িতে ছিল বিশেষ আয়োজন। ভাইয়ের জন্য কয়েক পদের খাবার রান্না করেছেন বোনেরা। মেনুতে আছে শাকভাজি, গরুর মাংসের ভুনা, ট্যাংরা মাছের ঝোল ও ডিমভুনা। দীর্ঘদিন পর ভাইকে নিজের হাতে রান্না করে খাওয়ানোর আনন্দ তাঁদের কাছে যেন অন্য রকম।
আকলিমা বেগম বলেন, ‘আজ ভাইয়ের অনেক ধকল গেছে। এখন আমাদের রান্না করা খাবার ভাইকে খেতে দেব। অনেক দিন পর প্রিয় মানুষের হাতের রান্না করা খাবার খাবে। এক মাস ভাই বাড়িতেই থাকবে।’
রাতে বাড়ি পৌঁছানোর পর বাদল ফরাজিকে নিজ হাতে খাওয়ান মা শেফালী বেগম। তিনি বিকেলে প্রথম আলোকে বলেন, ‘ছেলের চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে গেছি। ছেলে আওয়ার কথা শুইন্যা তো খুব খুশি, কিন্তু ভেজাল হইছে যে লগে পুলিশ থাকবে। বিনা দোষে ১৮ বছর জেল খাইট্টা যদি আবার প্যারোলে আয়ে, কোনো দিন ভালো লাগে?’
এক মাস পর ছেলেকে আবার ফিরতে হবে, এটাও ভাবতে পারছেন না শেফালী বেগম। সরকারের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, ‘আমার একটাই চাওয়া, ছেলেটা যেন মুক্তি পায়।’
রাত পৌনে ১২টার সময়ও এলাকার মানুষ ও স্বজনদের কেউ কেউ অপেক্ষা করছিলেন বাদলকে একনজর দেখার জন্য।
২০০৮ সালের ৬ মে ভারতের দিল্লির লাজপত নগরের দয়ানন্দ কলোনিতে ৭১ বছর বয়সী নির্মলা মাদান নামের এক নারী খুন হন। ওই হত্যাকাণ্ডের ঘটনায় ভারতীয় পুলিশ ‘বাদল সিং’ নামের এক ব্যক্তিকে খুঁজছিল। তিনি ছিলেন নিহত নারীর গৃহকর্মী।
হত্যাকাণ্ডের ২ মাস ৭ দিন পর ২০০৮ সালের ১৩ জুলাই পর্যটক ভিসায় ভারতে যান বাংলাদেশের বাগেরহাটের মোংলার বাসিন্দা বাদল ফরাজি। পরিবারের দাবি, তাজমহল দেখার জন্য তিনি ভারতে গিয়েছিলেন। কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাঁকে আটক করে হত্যা মামলার আসামি বাদল সিং হিসেবে গ্রেপ্তার দেখায়।
২০১৫ সালের ২১ জুলাই দিল্লির একটি আদালত বাদল ফরাজিকে হত্যা মামলায় দোষী সাব্যস্ত করেন। একই বছরের ২২ আগস্ট তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তী সময়ে দিল্লি হাইকোর্টও সেই সাজা বহাল রাখেন।
প্রায় ১০ বছর ভারতের তিহার কারাগারে বন্দী ছিলেন বাদল ফরাজি। পরে ভারত-বাংলাদেশ বন্দী স্থানান্তর চুক্তির আওতায় ২০১৮ সালের ৬ জুলাই তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।