অক্ষয়কুমার মৈত্রেয়র নাতনির ছেলে রাজশাহী এসে যা খুঁজলেন
‘রাজশাহীতে অক্ষয়কুমার মৈত্রেয়র বাড়ির পাশে নিতাই ঠাকুরের একটি মিষ্টির দোকান ছিল। আমার মায়েরা রোজ সকালে তাঁর দোকান থেকে লুচি আর মোহনভোগ আনতে যেতেন। বাড়ির ছেলেরা শকুন তাড়ানোর জন্য তাঁদের মাথার ওপরে লাঠি ধরে থাকতেন। মামারা দুষ্টুমিও করতেন। নিতাই ঠাকুর অন্যমনস্ক হলেই বেড়ার ফাঁক দিয়ে পাটকাঠি ঢুকিয়ে পানতোয়া আর রসগোল্লার রস চুষে খেতেন।’
বাংলা ভাষায় বিজ্ঞানভিত্তিক ইতিহাসচর্চার পথিকৃৎ অক্ষয়কুমার মৈত্রেয়। তাঁর নাতনি বীথিকা মৈত্রেয়র ছেলে ড. অভিজিৎ গোস্বামী জানাচ্ছিলেন মায়ের মুখে শোনা গল্প। গতকাল রোববার রাজশাহীতে অক্ষয়কুমার মৈত্রেয়র বাড়ির ভিটের কাছে এসে নিতাই ঠাকুরের সেই মিষ্টির দোকান খুঁজতে লাগলেন তিনি। নগরের বোয়ালিয়া থানার পেছনে ছিল অক্ষয়নিকেতন। এখন সেই বাড়িই নেই। সেখানে অন্য বাড়ি উঠেছে। শত বছর আগের মিষ্টির দোকানও নেই। নিতাই ঠাকুরের মিষ্টির দোকানের মতোই পুরোনো সেই রাজশাহীকে যেন খুঁজে ফিরলেন অভিজিৎ গোস্বামী; মায়ের গল্পে জেনেছেন যে রাজশাহীকে।
অক্ষয়কুমার মৈত্রেয়র ৯৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজশাহী থিয়েটারের আমন্ত্রণে গবেষক ও হুগলির একটি কলেজের অধ্যক্ষ অভিজিৎ গোস্বামী ৯ ফেব্রুয়ারি রাতে রাজশাহীতে এসেছিলেন। গতকাল রোববার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে ভারতের উদ্দেশ্যে রাজশাহী ছাড়েন। বাসে ওঠার আগপর্যন্ত তাঁর গল্পের ঝুলি খুলে রেখেছিলেন। প্রতিবেদকের পরিচয় পেয়ে বলেন, প্রথম আলো থেকেই তিনি প্রথম জানতে পারেন রাজশাহীতে অক্ষয়কুমার মৈত্রেয় মেলা হচ্ছে। সাত বছর ধরে রাজশাহী থিয়েটার ১ থেকে ৬ মার্চ অক্ষয়কুমার মৈত্রেয় সাংস্কৃতিক উৎসব করে থাকে।
রাজশাহী নগরের কুমারপাড়ায় বোয়ালিয়া থানার পেছনে অক্ষয়কুমার মৈত্রেয়র বাড়ি ছিল। রাস্তার দুপাশে দুটি বাড়ি ছিল। পূর্ব পাশে ছিল অক্ষয়নিকেতন। সেখানে অক্ষয়কুমারের মেজ ছেলে সুকুমার মৈত্রেয়র সঙ্গে থাকতেন অক্ষয়কুমার। আর পশ্চিম পাশের বাড়িতে থাকতেন ছোট ছেলে বিজয়কুমার মৈত্রেয়। ১৯৫২ সালে বিজয়কুমার কাউকে কিছু না বলে কলকাতায় চলে যান। ওই বছরই চলে যান বীথিকা মৈত্রেয়র পরিবার। তার বছর দুয়েক পরে সুকুমার মৈত্রেয় চলে যান।
অভিজিৎ গোস্বামী বলেন, ‘তখন সবাই ভেবেছিলেন কিছুদিনের জন্য যাচ্ছেন, পরে আবার ফিরে আসবেন। কিন্তু আর আসা হয়নি। আমার মায়ের মুখে শোনা, বাড়ির একটু দূরে পুকুর ছিল। প্রতিদিন সকালে সেই পুকুরে মায়েরা স্নান করতে যেতেন। একটি করে পদ্মফুল তুলে আনতেন। ফুল আর একটি করে রুপার পয়সা ঠাকুরের পায়ের নিচে রাখতেন। সেই পয়সার স্তূপ পড়ে গিয়েছিল। কিছুদিনের জন্য কলকাতায় যাচ্ছেন ভেবে সেসব কিছুই নেওয়া হয়নি। ওভাবেই সব রেখে চলে যান।’
অভিজিৎ বারবার সেই পুকুর দেখতে চাইলেন। কিন্তু কোন দিকে সে পুকুর ছিল, তা বলতে পারলেন না। তাঁর মা বীথিকা মৈত্রেয় ১৯৯৬ সালে মারা গেছেন। কলকাতায় চলে যাওয়ার আগে রাজশাহীর প্রমথনাথ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে তাঁর মা ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়েছিলেন। তিনি সেই বিদ্যালয়ও ঘুরে দেখেন।
মায়ের কাছ থেকেই শুনেছিলেন,তাঁদের বাড়িতে একটি গরু ছিল। তার নাম ছিল লক্ষ্মী। পদ্মা নদীতে গরুটাকে রোজ¯স্নান করাতে নিয়ে যাওয়া হতো। জলে নেমে আর উঠতে চাইত না। বিজয়কুমার মৈত্রেয় তখন নদীর ধারে গিয়ে ‘এই লক্ষ্মী, ওঠ ওঠ’ বলে ডাক দিতেন। লক্ষ্মী নাম শুনেই তখন পাড়ার ছেলেরা কৌতূহলী হয়ে উঠত। ভাবত, নিজের মেয়েকে নদী থেকে ওঠার জন্য তিনি ডাকছেন। এসব নিয়েও বাড়িতে খুব হাসাহাসি হতো।
পারিবারিক সূত্রে পাওয়া অক্ষয়কুমার মৈত্রেয়র জন্মের সময়ের গল্পটাও তাঁর কাছ থেকে শোনা গেল। মাতুলালয়ে অক্ষয়কুমারের জন্ম হয়েছিল। মৃত সন্তান প্রসব করেছেন বলে মা চলে এসেছিলেন। পোড়াদহ রেলস্টেশনের পাশে ক্রিশ্চিয়ান মিশনারির একজন নার্স পরে বাচ্চাটির নড়াচড়া দেখে বুঝতে পারেন প্রাণ আছে। তাঁর চেষ্টায় অক্ষয়কুমার বেঁচে যান। তখনকার সময়ে অক্ষয় দত্ত ‘ভারতবর্ষের উপাসক সম্প্রদায়’ লিখে খুব নাম কুড়িয়েছিলেন। বড় সাহিত্যিক হবেন বলে কাঙাল হরিনাথ তাঁর নাম রেখে দিলেন অক্ষয়কুমার।
রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘরের প্রথম পরিচালক ছিলেন অক্ষয়কুমার মৈত্রেয়। অভিজিৎ গোস্বামী রোববার বেলা ১১টার দিকে জাদুঘরের গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। প্রথমেই সিঁড়িতে মাথা রাখেন। তিনি বলেন, এই সিঁড়িতে অনেক গুণী মানুষ পা রেখেছেন। যেখান জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা রয়েছে, তার নিচের খানিকটা মাটি তিনি তুলে নিলেন। বললেন, এটা স্মৃতি হিসেবে বাড়িতে নিয়ে যাবেন। তিনি জাদুঘরে প্রায় দুই ঘণ্টা সময় কাটান। অক্ষয়কুমার মৈত্রেয়র বই পড়েন। তাঁর ছবির সামনে গিয়ে প্রণাম জানিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন।
অভিজিৎ গোস্বামী গত ১৫ বছর অক্ষয়কুমার মৈত্রেয়র অগ্রন্থিত সব প্রবন্ধ সংগ্রহ করছেন। জরাজীর্ণ ১১৩টি প্রবন্ধ তিনি হাতে লিখে সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন। যেখানে যা পাচ্ছেন, খুঁজে বেড়াচ্ছেন। গত শুক্রবার বিকেলে রাজশাহী নগরের শাহ্ মখদুম কলেজ মিলনায়তনে রাজশাহী থিয়েটার আয়োজিত অনুষ্ঠানে অভিজিৎ গোস্বামী অক্ষয়কুমার মৈত্রেয়র জীবন ও কর্মের ওপরে ‘বাংলার ইতিহাস রচনার পথপ্রদর্শক’ শিরোনামে একটি প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি অক্ষয়কুমার মৈত্রেয় রচিত ‘সিরাজদ্দৌলা’, তাঁর নাটক, বাগ্মিতা, ঐতিহাসিক চিত্র, পিঙ্গল ভাষায় লিখিত পৃথ্বীরাজ রাসোর বাংলা অনুবাদ, অক্ষয়কুমার ও নজরুলের সাক্ষাতের বিবরণ তুলে ধরেন।
ওই দিন সন্ধ্যায় মুক্তিযুদ্ধ পাঠাগারে রাজশাহী ইতিহাস পরিষদ অভিজিৎ গোস্বামীকে সংবর্ধনা দেয়। গতকাল তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ও ঘুরে দেখেন।
ঠিক বাসে ওঠার আগে তিনি বলেন, অক্ষয়কুমার মৈত্রেয় ছিলেন রাজশাহীর মণি। লর্ড কার্জন রাজশাহীতে আসার আগে এই বরেন্দ্রভূমি সম্পর্কে একটি সম্যক ধারণা পাওয়ার জন্য একটি প্রবন্ধ লেখার দায়িত্বও অক্ষয়কুমারকেই দেওয়া হয়েছিল। অভিজিৎ গোস্বামী আবদার জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক গুণীজনের নামে অনেক কিছুর নামকরণ করা হয়েছে। অক্ষয়কুমার মৈত্রেয়র নামে যদি কিছু একটা করা যেত, তাহলে তিনি রাজশাহীর মানুষের মধ্যে বেঁচে থাকতেন।