বগুড়া সরকারি বালিকা বিদ্যালয়
এবার প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে আন্দোলনের চেষ্টা শিক্ষার্থীদের
এবার বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শ্রেণিশিক্ষকের অপসারণের দাবিতে আন্দোলনের চেষ্টা করেছে শিক্ষার্থীরা। পবিত্র রমজানের বন্ধের মধ্যে আজ সোমবার দুপুরে একদল শিক্ষার্থী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের জন্য বিদ্যালয় ফটকে সমবেত হয়। এ সময় কর্তৃপক্ষ বিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দিলে সেখানে উত্তেজনা দেখা দেয়।
একপর্যায়ে জেলা প্রশাসকের নির্দেশে তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াছমিন এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের বাড়িতে পাঠিয়ে দেন।
এর আগে ওই বিদ্যালয়ে পড়ুয়া মেয়ের এক সহপাঠীর মাকে মাফ চাইতে বাধ্য করার অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ রুবাইয়া ইয়াসমিনকে বগুড়া থেকে প্রত্যাহার করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে তিনজন শিক্ষার্থী অভিযোগ করে, আজ তারা আন্দোলনের চেষ্টা করে। এ সময় তদন্ত কমিটির প্রধান নিলুফা ইয়াছমিন এসে তাদের ভয়ভীতি দেখান। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন নিলুফা ইয়াছমিন।
তিনি প্রথম আলোকে বলেন, ‘সোমবার থেকে তদন্ত কমিটি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। আমরা পর্যায়ক্রমে শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীসহ সব পক্ষের সঙ্গে কথা বলব। আজ কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয় ফটকে জড়ো হয়। তাদের ভেতরে ডেকে নিয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য ধরার জন্য বললে তারা বাড়ি ফিরে যায়। কাউকে ভয়ভীতি দেখানো হয়নি।’
এ বিষয়ে বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বেলা দুইটার দিকে তাঁর অফিসকক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। এ সময় জেলা প্রশাসক বলেন, অভিযুক্ত বিচারককে ইতিমধ্যেই বগুড়া থেকে প্রত্যাহার করা হয়েছে। প্রধান শিক্ষক ও শ্রেণিশিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিতে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির সদস্যরা এরই মধ্যে তাঁদের কার্যক্রম শুরু করেছেন। আজ কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয়ে জড়ো হয়ে আন্দোলনের চেষ্টা করে। খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসককে সেখানে পাঠানো হয়েছিল। শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয়েছে, এ ঘটনায় দোষী হলে কেউ পার পাবেন না। তদন্ত প্রতিবেদন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তদন্তের সুপারিশের ভিত্তিতে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকদের নির্দেশে প্রতিদিন পালা করে শ্রেণিকক্ষ ঝাড়ু দেয় শিক্ষার্থীরা। কিন্তু বগুড়া জেলা জজ আদালতের ওই বিচারকের মেয়ে শ্রেণিকক্ষ ঝাড়ু দেবে না বলে জানায়। এতে সাধারণ শিক্ষার্থীরা আপত্তি তোলে। এটা নিয়ে ফেসবুকে পাল্টাপাল্টি পোস্ট দেওয়ার ঘটনা ঘটে।
ওই বিচারক গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ে এসে চার শিক্ষার্থীর বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে মামলা করার হুমকি দেন। এর একপর্যায়ে এক নারী অভিভাবককে মাফ চাইতে বাধ্য করেন তিনি। এ সময় বিচারকের পক্ষ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের টিসি দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার হুমকি দেন ও গালমন্দ করেন প্রধান শিক্ষক রাবেয়া খাতুন। এ ছাড়া প্রধান শিক্ষকের নির্দেশে শিক্ষার্থী ও অভিভাবকদের বিনা নোটিশে ডেকে এনে অপমান করেন একজন শ্রেণিশিক্ষক।
প্রধান শিক্ষকের কক্ষে ঘটা এ ঘটনায় ওই দিন বেলা আড়াইটার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তিন দফা বগুড়া শহরের সার্কিট হাউসের সামনের সড়ক অবরোধ করে। একপর্যায়ে জেলা প্রশাসক সাইফুল ইসলাম রাত আটটার দিকে বিদ্যালয়ে গিয়ে তদন্ত কমিটি গঠনের মৌখিক ঘোষণা দেন। এরপর রাত সাড়ে নয়টায় শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে।
বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন আজ প্রথম আলোকে বলেন, ‘যেহেতু বিষয়টি এখন তদন্তাধীন তাই এই মুহূর্তে কোনো মন্তব্য করব না। তদন্ত শেষ হলে এ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব।’
গত বৃহস্পতিবার ওই বিচারককে বগুড়া থেকে প্রত্যাহার করে আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত করে সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচারক) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত পত্রাদেশ জারি করা হয়। এ ঘটনায় শুক্রবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন টানা ১৬ বছরের বেশি সময় একই পদে আছেন বলে শিক্ষার্থীদের অভিযোগ। তাদের ভাষ্য, পাশেই বগুড়া জিলা স্কুল। সেখানে এই সময়ে ছয়জন প্রধান শিক্ষক বদলি হয়েছেন।
টানা ১৬ বছর একই প্রতিষ্ঠানে থাকা বিধি লঙ্ঘন কি না—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, এ ক্ষেত্রে কোনো অনিয়ম বা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ পেলে তদন্ত কমিটি অবশ্যই তা আমলে নিয়ে এ বিষয়ে সুপারিশসহ প্রতিবেদন দেবে।
প্রধান শিক্ষককে স্বপদে বহাল থাকা অবস্থায় তদন্ত করলে তা প্রভাবিত বা প্রশ্নবিদ্ধ হবে কি না, জানতে চাইলে জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, প্রধান শিক্ষক ছুটি চেয়েছিলেন। কিন্তু তদন্তের স্বার্থে তাঁর ছুটি মঞ্জুর করা হয়নি।
শিক্ষার্থীদের ভাষ্য, গত মঙ্গলবার ওই বিচারকের সঙ্গে অভিভাবক ও শিক্ষার্থীদের যা যা ঘটেছিল, তা সিসিটিভি ফুটেজেই রয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছে তাঁরা। তবে প্রধান শিক্ষক মোছা. রাবেয়া খাতুন এখন বলছেন, তাঁর কক্ষে সিসিটিভি নেই। ফলে ফুটেজ নেই।
সিসিটিভি ফুটেজ সরিয়ে ফেলার অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, বিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা আছে। তবে ঘটনা ঘটেছে প্রধান শিক্ষকের কক্ষে এবং সেখানে কোনো সিসি ক্যামেরা নেই। ফুটেজও নেই। ভবিষ্যতে পুরো বিদ্যালয়কে সিসিটিভির আওতায় আনা হবে।