‘শাজাহান খান জাসদের বন্ধু, বিএনপির বন্ধু, জামায়াত-শিবিরের বন্ধু’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরে তৃণমূল পর্যায়ের নেতা–কর্মীদের নিয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ মোল্লা। বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে
ছবি: প্রথম আলো

জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ (সদর ও রাজৈর) আসনে শাজাহান খানের পরিবর্তে দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানালেন জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বাহাউদ্দিন নাছিম মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য।

আজ বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে সদর উপজেলা আওয়ামী লীগ।

মাদারীপুর-২ আসন থেকে এ পর্যন্ত সাতবার সংসদ সদস্য হয়েছেন শাজাহান খান। তাঁর বাবাও এই আসনে তিনবারের সংসদ সদস্য ছিলেন। শাজাহান খান বর্তমানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য।

আরও পড়ুন

শাজাহান খানকে বিএনপি ও জামায়াত–শিবিরের বন্ধু উল্লেখ করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে তাঁর বক্তব্যে বলেন, ‘বারবার সংসদ সদস্য হওয়ার পরও শাজাহান খান আওয়ামী লীগের বন্ধু হতে পারেননি। তিনি জাসদের বন্ধু, বিএনপির বন্ধু, জামায়াত-শিবিরের বন্ধু হয়েছেন। আমরা চাই পরিবর্তন। এই আসনে নৌকার মাঝি হয়ে সংসদ সদস্য হিসেবে আমরা বাহাউদ্দিন নাছিমকে দেখতে চাই।’
জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ মোল্লা তৃণমূলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘তৃণমূল আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রাণের দাবি আমরা শুনেছি। আপনারা এই আসনের পরিবর্তন চান। আগামী দিনে পরিবর্তনের মাঝি হবে আ ফ ম বাহাউদ্দিন নাছিম। আমরাও এই পরিবর্তন চাই। এই পরিবর্তন এখন সবার মুখে মুখে। আমরা আপনাদের দাবি নেত্রী শেখ হাসিনার কাছে তুলে ধরব।’

সভায় কুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির হাওলাদার বলেন, ‘মাদারীপুর জেলায় আওয়ামী লীগের একমাত্র ত্যাগী নেতা আ ফ ম বাহাউদ্দিন নাছিম। মাদারীপুরে সৎ, নিষ্ঠাবান ব্যক্তিকে নৌকার মনোনয়ন দেওয়া হয়নি। দ্বাদশ সংসদ নির্বাচনে বাহাউদ্দিন নাছিমকে সংসদ সদস্য হিসেবে আমরা দেখতে চাই। আমরা চাই পরিবর্তন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই পরিবর্তন করতে আমরা আহ্বান জানাই।’

আরও পড়ুন

সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য সাহেব আলী হাওলাদার বলেন, ‘আমরা যাঁরা তৃণমূলে আওয়ামী লীগের রাজনীতি করি, তাঁরা বঞ্চিত ও লাঞ্ছিত। আমরা অতিষ্ঠ হয়ে গেছি। এবার পরিবর্তন দরকার। কর্মীদের শান্তির জন্য বাহাউদ্দিন নাছিমকে দরকার।’

মাদারীপুরে তৃণমূল পর্যায়ের নেতা–কর্মীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে
ছবি: প্রথম আলো

জেলা আওয়ামী লীগের নারীবিষয়ক সম্পাদক রেহানা পারভীন বলেন, ‘আমরা কেন মাদারীপুর-২ আসনের পরিবর্তন চাই? কারণ, শাজাহান খান সম্পূর্ণ আওয়ামী লীগবিরোধী। তিনি জাসদ ছেড়ে এলেও জাসদের নেতা-কর্মীদের ভোলেননি। তিনি জাসদের নেতা-কর্মীদের কল্যাণে কাজ করেন। তাঁর মাধ্যমে আমরা নির্যাতিত। তাই আমাদের একটাই দাবি, এই আসনে শাজাহান খানের পরিবর্তন।’

সদর উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক মিজানুর রহমান বলেন, মাদারীপুরে আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীরা পরিবর্তন চান। তাঁরা দ্বাদশ সংসদ নির্বাচনে বাহাউদ্দিন নাছিমকে নৌকার প্রার্থী হিসেবে দেখতে চান।

আরও পড়ুন

মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চোকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা কামালের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি তাঁর বক্তব্যে সংসদ সদস্য শাজাহান খানকে নিয়ে কোনো কথা বলেননি।

শাজাহান খান ছাত্রলীগ থেকে রাজনৈতিক জীবন শুরু করলেও ১৯৭২ সালের অক্টোবরে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কমিটির সদস্য হন। এরপর ১৯৭৩ সালের নির্বাচনে অংশ নিয়ে হেরে যান। ১৯৮৬ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জিতেছিলেন। এরশাদের পতনের পরে ১৯৯১ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনে শাজাহান খান জাসদের প্রার্থী হয়ে নির্বাচন করলেও হেরে যান। এর ঠিক এক মাস পরেই তিনি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন এবং উপনির্বাচনে নৌকার প্রার্থী হয়ে মাদারীপুর-২ আসন থেকে নির্বাচিত হন। এরপর পাঁচটি জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে তিনি নির্বাচিত হয়েছেন।