রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত রোগীদের জন্য করা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। সম্প্রতি তোলাছবি: প্রথম আলো

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে সংক্রামক রোগ হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হয়েছে ২৫ জন। ছাড়পত্র দেওয়া হয়েছে তিনজনকে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে ১৪৯ জন। হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ শংকর কে বিশ্বাস আজ দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

চিকিৎসক শংকর কে বিশ্বাস বলেন, গতকাল শুক্রবার দুপুর ১২টা থেকে আজ শনিবার ১২টা পর্যন্ত হাসপাতালে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়ার শিশুর মধ্যে আছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা রায়হানের সাত মাস বয়সী ছেলে রাহাত। তার মৃত্যু হয়েছে আজ সকাল ছয়টায়। কুষ্টিয়ার কুমারখালীর বাসিন্দা সজীবের মেয়ে পাঁচ মাস বয়সী রুহি মারা গেছে আজ বেলা ১১টার দলে। আর নাটোরের বাগাতিপাড়া উপজেলার এক ব্যক্তির মেয়ে সামিয়া মারা গেছে গতকাল বিকেল চারটায়। এ পর্যন্ত হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩৭৭ শিশু চিকিৎসা নিয়েছে বলে জানান এই চিকিৎসক।