শিবপুর উপজেলা চেয়ারম্যানকে গুলির ঘটনায় এজাহারভুক্ত আরও এক আসামি গ্রেপ্তার
নরসিংদীর শিবপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খানের (৭০) বাড়িতে ঢুকে তাঁকে গুলি করার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে শিবপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার খলাপাড়া এলাকার একটি বস্তি থেকে ওই আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামির নাম মো. শাকিল (৩৫)। তাঁর বাড়ি শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের মুনসেফেরচর এলাকায়। হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি শাকিল। ঘটনার পর থেকেই পলাতক শাকিল দুই দিন ধরে গাজীপুরের কালীগঞ্জের একটি বস্তিতে অবস্থান করছিলেন। এ নিয়ে এজাহারভুক্ত দুই আসামিসহ ছয়জনকে গ্রেপ্তার করা হলো।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হারুনুর রশিদ খান হত্যাচেষ্টায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন মো. শাকিল। তাঁর কাছ থেকে এ–সংক্রান্ত আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। অভিযান শেষ হলে তাঁকে নরসিংদীর আদালতে পাঠানো হবে।
গত শনিবার সকাল সোয়া ছয়টার দিকে শিবপুর পৌর এলাকার বাজার সড়কে নিজের বাড়িতে সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হন হারুনুর রশিদ খান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ওই দিন দুপুরেই তাঁর পিঠে (মেরুদণ্ডসংলগ্ন) বিদ্ধ হওয়া দুটি গুলি অপসারণ করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। গুলিবিদ্ধ হারুন রশিদ খান উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।
এ ঘটনায় গত সোমবার দুপুরে হারুন রশিদ খানের ছেলে নুর রশিদ খান বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০–১২ জনকে আসামি করে শিবপুর থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। মামলার আসামিরা হলেন শিবপুরের পুঠিয়া ইউনিয়নের কামারগাঁও এলাকার আরিফ সরকার (৪০), পুঠিয়া ইউনিয়নের পূর্ব সৈয়দনগর এলাকার মো. মার্কিন মিয়া (৪২), কামারগাঁও এলাকার ইরান মোল্লা (৩০), মুনসেফের চর এলাকার মো. শামিল (৩৫), কামারগাঁও এলাকার মো. হুমায়ূন (৩২) ও নরসিংদী শহরের ভেলানগর এলাকার গাড়িচালক নূর মোহাম্মদ (৪৮)।
মামলার এজাহারে বাদী আমি নুর রশিদ খান লিখেছেন, আসামিরা হারুন রশিদ খানের মুঠোফোনে কল করে এলাকার একটি মসজিদের জন্য অনুদান চাইতে এসেছিলেন। মার্কিন মিয়া, ইরান মোল্লা ও শামিল নামের তিনজন শনিবার সকাল সোয়া ছয়টার দিকে পাঁচতলা বাড়িটির তৃতীয় তলায় গিয়ে কল বেল চাপলে হারুন রশিদ খান নিজেই দরজা খুলে দেন। তাঁদের বসতে বলে আপ্যায়নের জন্য পেয়ারা নিয়ে আসেন তিনি। ঠিক তখনই ওই তিনজন পিস্তল বের করে দুটি গুলি করেন। এতে পিঠে গুলি বিদ্ধ হয়ে হারুন রশিদ ফ্লোরে লুটিয়ে পড়েন। এরপর তাঁরা সিঁড়ি বেয়ে নেমে মোটরসাইকেলে করে থানাসংলগ্ন সড়ক ধরে পালিয়ে যান। এ সময় হারুন রশিদ খানের চিৎকারে তাঁর বোন মারিয়াম খানম ও ভগ্নিপতি শাহজাহান মিয়া দ্রুত তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসকেরা জরুরি চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে দুপুরে সেখানে অস্ত্রোপচার করে দুটি গুলি বের করে আনা হয়।