তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বরাদ্দের দাবিতে ‘স্তব্ধ’ হলো রংপুর

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চলতি বাজেটে অর্থ বরাদ্দের দাবিতে ‘রংপুর স্তব্ধ’ কর্মসূতে সবকিছু পাঁচ মিনিটের জন্য বন্ধ ছিল। আজ বেলা ১১টার দিকে রংপুর নগরের সিটি করপোরেশন কার্যালয়ের সামনেছবি: মঈনুল ইসলাম

ঘড়ির কাঁটায় ঠিক বেলা ১১টা। রংপুর শহরজুড়ে একসঙ্গে মাইকে বেজে উঠল জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা...’। রাস্তায় থেমে গেল সব ধরনের যানবাহনের চলাচল। দোকানপাট থেকে মানুষজন রাস্তায় নেমে পড়লেন। যে যেখানে ছিলেন, দাঁড়িয়ে পড়লেন।

আজ বৃহস্পতিবার এভাবেই পাঁচ মিনিটের ‘রংপুর স্তব্ধ’ কর্মসূচি পালিত হয়েছে। ‘পদ্মা সেতুর মতো নিজস্ব টাকায় তিস্তা নদী মহাপরিকল্পনা বাস্তবায়নে এবারের বাজেটেই বরাদ্দের’ দাবিতে এই কর্মসূচির আয়োজন করে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ।

আয়োজক সংগঠন সূত্র জানায়, শহরের সিও বাজার থেকে প্রধান সড়ক দিয়ে শাপলা পর্যন্ত, জাহাজ কোম্পানি মোড় থেকে কামালকাছনা হয়ে মাহিগঞ্জ সাতমাথা এলাকা পর্যন্ত ১২ কিলোমিটার সড়ক ৫ মিনিটের জন্য স্তব্ধ হয়ে পড়ে। বেলা ১১টায় ১৯টি পয়েন্ট থেকে একাধিক মাইকযোগে জাতীয় সংগীত পরিবেশিত হয়। এ সময় এসব এলাকায় চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিরকশা, প্রাইভেট কার, যাত্রীবাহী বাস, ট্রাকসহ সব ধরনের যানবাহন থেমে যায়।

বিভিন্ন সংগঠনের ব্যানারে কর্মসূচিতে যোগ দেন মানুষ।
ছবি: প্রথম আলো

দাবির প্রতি একাত্মতা জানিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ব্যবসায়ী এবং ক্রেতারাও দাঁড়িয়ে যান। কোনো কোনো দোকানের পাল্লা বন্ধ করে স্তব্ধ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে রাস্তায় নেমে আসেন। এ সময় হাজারো মানুষ জাতীয় সংগীতের সঙ্গে সুর মেলান।

পাঁচ মিনিটের স্তব্ধ কর্মসূচি শেষে বিভিন্ন পয়েন্ট থেকে মিছিলসহকারে সিটি করপোরেশনের সামনে এসে আয়োজন সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন ব্যবসায়ী ও রাজনৈতিক সংগঠনের নেতারা সমবেত হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

সমাবেশে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান। আয়োজক সংগঠন তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হক্কানীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দল (ইনু) রংপুর জেলা শাখার সভাপতি সাখাওয়াত রাংগা, জাতীয় পার্টি জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, সিটির কাউন্সিলর মাহমুদ টিটু, সামাজিক সাহিত্য সাংস্কৃতিক সংগঠন বাংলার চোখের সভাপতি তানভীর আশরাফী, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান প্রমুখ।

পাঁচ মিনিটের স্তব্ধ কর্মসূচি শেষে রংপুর সিটি করপোরেশনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়
ছবি: প্রথম আলো

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেয়র মোস্তাফিজার রহমান বলেন, ‘আমরা সরকারের বিপক্ষে আন্দোলন করছি না, আমরা নিজেদের উন্নয়ন আর অধিকার আদায়ে সচেতন হয়েছি। আমাদের প্রয়োজনে আমরা আজকে মাঠে নেমেছি। পদ্মা সেতুর মতো নিজস্ব অর্থায়নে তিস্তা মহিপরিকল্পনা গ্রহণ করতে হবে।’

মোস্তাফিজার রহমান আরও বলেন, ‘আমরা আশা করি এই বাজেটে তিস্তার বাজেট থাকবে। তিস্তাপারের মানুষকে বাঁচাতে হবে। নদী শাসন করতে হবে। তিস্তাবেষ্টিত মানুষের উন্নয়নে, উত্তরবঙ্গের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

আরও পড়ুন
আরও পড়ুন