ভূপর্যটক রামনাথের বসতভিটা পুনরুদ্ধারের দাবিতে সাইকেল শোভাযাত্রা
ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণের দাবিতে সাইকেল শোভাযাত্রা করেছে রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণ কমিটি। আজ মঙ্গলবার দুপুরে সাইকেল নিয়ে হবিগঞ্জ শহর থেকে বানিয়াচং পর্যন্ত ২২ কিলোমিটার পথ পাড়ি দেন কমিটির সদস্য ও সাইক্লিস্টরা।
বেলা ১১টায় দেশের বিভিন্ন এলাকার সাইক্লিস্টরা হবিগঞ্জ শহরের টাউন হল মিলনায়তনের সামনে জড়ো হন। হবিগঞ্জ ছাড়াও দিনাজপুর, কুমিল্লা, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া থেকেও সাইক্লিস্টরা এ শোভাযাত্রায় অংশ নেন। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শোভাযাত্রার জন্য আজকের দিনটি বেছে নেন কমিটির সদস্যরা।
শোভাযাত্রার প্রাক্কালে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান টাউন হলের সামনে উপস্থিত হয়ে সাইক্লিস্টদের প্রতীকী আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তিনি বলেন, ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটা সরকারি সম্পদ। এটা কাউকে ইজারা দিয়ে থাকলেও সরকার তা পুনরুদ্ধার ও সংরক্ষণের দায়িত্ব নেবে।
এ সময় লেখক, সাংবাদিক, সাইক্লিস্ট ও সংস্কৃতিকর্মীদের পক্ষ থেকে বলা হয়, রামনাথের স্মৃতিবিজড়িত বাড়িটি বর্তমানে স্থানীয় আবদুল ওয়াহেদ মিয়া দখল করে আছেন বলে তাঁরা জানতে পেরেছেন। তিনি একসময় বিএনপি-জামায়াত করতেন। পরে আওয়ামী লীগে যোগ দেন। দলীয় পরিচয়ের জোরে রামনাথের বাড়ি দেখতে যাওয়া পর্যটক, বাইসাইকেল রাইডার ও সাংবাদিকদের ওপর বিভিন্ন সময় হামলা করেছেন আবদুল ওয়াহেদ ও তাঁর স্বজনেরা। সর্বশেষ ১১ সেপ্টেম্বর সাংবাদিক রাজীব নূরসহ চারজন পেশাগত দায়িত্বের অংশ হিসেবে বাড়িটি দেখতে গেলে তাঁদের ওপর হামলা করা হয়। তাঁরা এসব হামলার তীব্র নিন্দা ও বিচার দাবি করেন।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বেলা দেড়টায় বানিয়াচং উপজেলা সদরে পৌঁছান। পরে সাইক্লিস্টরা রামনাথের বাড়ি যে এলাকায় অবস্থিত, সেই বিদ্যাভূষণ পাড়ায় যান। সেখান থেকে ঘুরে এসে তাঁরা জড়ো হন বানিয়াচং শহীদ মিনারে।
এদিকে শহীদ মিনারে একই দাবিতে আগে থেকে প্রতীকী আমরণ অনশন পালন করে আসছিলেন সাংবাদিক দেবব্রত চক্রবর্তী বিষ্ণুর নেতৃত্বে নানা শ্রেণি-পেশার লোকজন। এ সময় ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণ কমিটির নেতারা শহীদ মিনারে আন্দোলনরত ব্যক্তিদের অনশন ভঙ্গ করান।
শহীদ মিনারে আয়োজিত সমাবেশে বক্তরা বলেন, রামনাথের বসতবাড়ি দখলদারের হাত থেকে পুনরুদ্ধার করতে হবে। ওই বাড়ির প্রায় পাঁচ একর জমির পুরোটাই সরকারি খাস খতিয়ানভুক্ত। প্রকৃতপক্ষে সরকারই এ জমির মালিক। তাই ভূপর্যটক রামনাথের স্মৃতি রক্ষার দায়িত্বও সরকারের। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত সারা দেশে কর্মসূচি দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বক্তারা। পাশাপাশি রামনাথের বাড়িতে বিশেষায়িত পাঠাগার ও বাইসাইকেল জাদুঘর গড়ে তোলার দাবি করেন। বিষয়গুলো সরকারের নজরে আনতেই তাঁরা বিশ্ব পর্যটন দিবসে হবিগঞ্জ থেকে সাইকেল চালিয়ে বানিয়াচংয়ে এসেছেন।
সমাবেশে বক্তব্য দেন বানিয়াচং উপজেলা কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ, রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণ কমিটির আহ্বায়ক ভূপর্যটক ও লেখক আশরাফুজ্জামান উজ্জ্বল, সাংবাদিক দেবব্রত চক্রবর্তী বিষ্ণু, হবিগঞ্জ ভূপর্যটক রামনাথ বিশ্বাস ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক কথাসাহিত্যিক ও নাট্যকার রুমা মোদক, দিনাজপুর থেকে আসা সাইক্লিস্ট মোস্তাফিজুর রহমান প্রমুখ।
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বিদ্যাভূষণ পাড়ায় ১৮৯৪ সালের ১৩ জানুয়ারি জন্ম নেন রামনাথ বিশ্বাস। তাঁর বাবার নাম বিরজনাথ বিশ্বাস ও মায়ের নাম গুণময়ী দেবী। প্রায় শত বছর আগে রামনাথ বিশ্বাস বিদ্যাভূষণ পাড়া থেকে বাইসাইকেল নিয়ে বেরিয়েছিলেন ভূপর্যটনে। দেশে দেশে ভ্রমণ করা রামনাথ লিখেছেন ভ্রমণবিষয়কসহ গোটা চল্লিশেক বই। তিনি বানিয়াচংয়ের হরিশ্চন্দ্র উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। ১৯৪৭ সালে দেশভাগের পর রামনাথ স্থায়ীভাবে কলকাতায় চলে যান। সেখানেই ১৯৫৫ সালের ১ নভেম্বর তিনি মারা যান।