ব্রাহ্মণবাড়িয়ায় জাপা চেয়ারম্যান জি এম কাদেরকে অবাঞ্ছিত ঘোষণা
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রওশন এরশাদের অনুসারী নেতা-কর্মীরা। কথায় কথায় দলের শীর্ষ নেতাদের দল থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে আজ রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি থেকে জাপা চেয়ারম্যানকে ব্রাহ্মণবাড়িয়ায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
বিকেলে জেলা সমবায় মার্কেট থেকে রওশনপন্থী নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের টি এ রোড প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জেলা জাতীয় পার্টির (রওশনপন্থী) আহ্বায়ক আবদুল্লাহ আল হেলালের সভাপতিত্বে ও সদস্যসচিব সৈয়দ মোকাব্বেরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক মো. ফিরুজ খান, আবদুল আজিজ, যুগ্ম সদস্যসচিব সৈয়দ এজাজ আহমেদ জীবন, আজিম খান, জালাল উদ্দিন ভূঁইয়া প্রমুখ। এ সময় রওশান এরশাদের অনুসারীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, গতকাল শনিবার জেলা জাতীয় পার্টির সাবেক আহ্বায়ক ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে নির্বাচিত দুবারের সংসদ সদস্য জিয়াউল হক মৃধাকে অগণতান্ত্রিকভাবে জাতীয় পার্টি থেকে অব্যাহতি দিয়েছেন জি এম কাদের। জি এম কাদের স্বেচ্ছাচারিতা ও রাতের অন্ধকারে চেয়ারম্যানের পদ দখল করে অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় পার্টিকে আজ ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছেন। এ অবস্থায় এরশাদের প্রিয় জাতীয় পার্টির তৃণমূল নেতা-কর্মীরা ঘরে বসে থাকতে পারেন না।
বক্তারা আরও বলেন, জি এম কাদের অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত না হলে তৃণমূলের কর্মীরা দাঁতভাঙা জবাব দেবেন। এ সময় বক্তারা জাপা চেয়ারম্যান জি এম কাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবাঞ্ছিত ঘোষণা করেন।