শ্রীপুরে আসামি ছিনিয়ে নেওয়া জাহাঙ্গীর জামিনে বের হয়ে ইয়াবাসহ গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলমকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে শ্রীপুর পৌরসভার প্রশিকা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহাঙ্গীর আলম শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মো. নান্নু মিয়ার ছেলে। পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়েছিলেন জাহাঙ্গীর। গতকাল আবার গ্রেপ্তার হলেন।
গ্রেপ্তারের সময় জাহাঙ্গীরেরকাছ থেকে ১৪ হাজার ৪০০টি ইয়াবা ও নগদ ৫৩ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়েছে।
জাহাঙ্গীরকে গ্রেপ্তারের বিষয়ে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে শ্রীপুর থানার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ১৪ হাজার ৪০০টি ইয়াবা ও নগদ ৫৩ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদক, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১৩টি মামলা আছে।
এ ঘটনায় মামলা হয়েছে বলে জানান শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম। গ্রেপ্তার আসামিকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর রাতে শ্রীপুরের মাওনা বাজারের পিয়ার আলী কলেজ এলাকায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে জাহাঙ্গীর ও তাঁর সহযোগীদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হন। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর করে দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় করা মামলায় জেলে যান জাহাঙ্গীর। জামিনে এসে তিনি আবার মাদক ব্যবসা শুরু করেন।