শামসুজ্জামানের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সিলেটে মিছিল
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক (সাভার) শামসুজ্জামানের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সিলেটে মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক ছাত্র জোট সিলেট জেলা শাখা। শুক্রবার বিকেলে এসব কর্মসূচি পালন করা হয়।
বেলা সাড়ে তিনটায় নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মিছিলটি বের করা হয়। এটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিটি পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে মিছিল–পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সিলেট জেলার সমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সিলেট মহানগরের সভাপতি বিশ্বজিৎ শীল। সমাবেশ সঞ্চালন করেন ছাত্র ইউনিয়নের নেতা মাশরুখ জলিল।
সমাবেশে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাস, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের আহ্বায়ক মনীষা ওয়াহিদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। এ দুঃসময়ে জনগণ তাদের সমস্যার কথা প্রকাশ্যে বলতে পারছে না।ডিজিটাল নিরাপত্তা আইন, বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন কালাকানুনের মাধ্যমে জনগণের প্রতিবাদের ভাষা দমন করা হচ্ছে। এর বাস্তব প্রমাণ প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও প্রতিবেদক শামসুজ্জামানের বিরুদ্ধে মামলা এবং শামসুজ্জামানের গ্রেপ্তার করার ঘটনা।