খিঁচুনি ও শ্বাসকষ্টে টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে অসুস্থ হয়ে রাকিবুল ইসলাম (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কেন্দ্রের তত্ত্বাবধায়কের দাবি, খিঁচুনি ও শ্বাসকষ্টের কারণে অসুস্থ হয়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে।

মৃত রাকিবুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা মো. সুমন মিয়ার ছেলে। মাদকের একটি মামলায় গ্রেপ্তার হয়ে দুই মাস ধরে টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে বন্দী ছিল সে।

আরও পড়ুন

শিশু উন্নয়ন কেন্দ্র সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে রাকিবুল ইসলাম অন্য শিশু-কিশোরদের সঙ্গে ছিল। রাত ১০টার পর হঠাৎ খিঁচুনি ও শ্বাসকষ্ট শুরু হলে সে অসুস্থ হয়ে পড়ে। কেন্দ্রের লোকজন তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক মো. এহিয়াতুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘গতকাল রাত ১০টার পর হঠাৎ ওই কিশোর অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে টঙ্গী হাসপাতালে নিই। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আজ সকালে তার মৃত্যু হয়।’ তবে খিঁচুনি বা শ্বাসকষ্ট শুরুর কারণ জানতে চাইলে তিনি কোনো জবাব দিতে পারেননি।

খোঁজ নিয়ে জানা গেছে, দু–তিন মাস আগে রাজধানীর বিমানবন্দর থানার একটি মাদক মামলায় রাকিবুলকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতের মাধ্যমে তাকে টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। এরপর ২ মাস ১৩ দিন ধরে কেন্দ্রটিতে বন্দী ছিল সে।