নৌকার আদলে হচ্ছে মঞ্চ, নেতাদের জন্য থাকবে ২০০ আসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে জোরেশোরে চলছে মঞ্চ তৈরির কাজ। আজ বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে
ছবি: প্রথম আলো

ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে জোরেশোরে চলছে মঞ্চ তৈরির কাজ। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে মঞ্চটি আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার আদলে তৈরি করা হচ্ছে। ১২০ ফুট দীর্ঘ এই মঞ্চে একসঙ্গে অন্তত ২৫০ জন বসতে পারবেন।

আগামী শনিবার ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে বেলা ১১টার দিকে সম্মেলন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতার এই সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে। কমিটিতে কারা পদ পাচ্ছেন, তা নিয়ে নেতা-কর্মীদের মধ্যে আলোচনা চলছে।

সম্মেলন উপলক্ষে গঠিত মঞ্চ ব্যবস্থাপনার কমিটির সদস্যসচিব হিসেবে আছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জাহান। তিনি প্রথম আলোকে বলেন, ঢাকার একটি ডেকোরেটর প্রতিষ্ঠান এ মঞ্চ করছে। ১২০টি ফুট দৈর্ঘ্যের এ মঞ্চের প্রস্থ ৩২ ফুট। উচ্চতা ৬ ফুট। মঞ্চে ২০০ জন নেতার জন্য আসন থাকবে।

সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী নেতাদের পক্ষে তাঁদের কর্মীরা এসব তোরণ আর ফেস্টুন লাগিয়েছেন। আজ বিকেলে নগরের টাউনহল এলাকায়
ছবি: আনোয়ার হোসেন

আজ বৃহস্পতিবার বিকেলে সার্কিট হাউস মাঠে গিয়ে মঞ্চ নির্মাণের কাজ চলতে দেখা যায়। বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা মঞ্চ নির্মাণের কাজ ও সম্মেলনের প্রস্তুতি দেখতে সার্কিট হাউস মাঠে যান। সেখানে তাঁরা কিছুক্ষণ অবস্থান করে স্লোগান দেন।

আরও পড়ুন

ডেকোরেশন প্রতিষ্ঠানের পক্ষ থেকে মঞ্চ নির্মাণকাজের তদারক করা জাহিদুল ইসলাম জানান, কাঠ দিয়ে এ মঞ্চ করা হচ্ছে। কয়েক দিন আগে অনুষ্ঠিত জামালপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনেও একই আদলের মঞ্চ করে এই প্রতিষ্ঠান। এরপর মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনেও একই মঞ্চ করা হবে। মঞ্চ নির্মাণের যাতবতীয় সরঞ্জাম ও শ্রমিক ঢাকা থেকে এসেছেন। আরও অন্তত পাঁচ দিন আগে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়।

এদিকে সম্মেলনকে কেন্দ্র করে পদপ্রত্যাশী নেতাদের তোরণ, ফেস্টুন আর পোস্টারে ছেয়ে গেছে ময়মনসিংহ নগর। জিলা স্কুল মোড়, নতুন বাজার মোড়, টাউন হল মোড় এলাকা ঘুরে দেখা গেছে, বিভিন্ন স্থানে ফুটপাত বন্ধ করে তোরণ নির্মাণ করা হয়েছে। সড়ক বিভাজকে ফেস্টুনের কারণে সড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়া যাচ্ছে না। জেলা ও মহানগরে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী নেতাদের পক্ষে তাঁদের কর্মীরা এসব তোরণ আর ফেস্টুন লাগিয়েছেন।