কাপ্তাই হ্রদে পানি কমায় ঝুঁকি বেড়েছে নৌ চলাচলে, দুর্ভোগে বাসিন্দারা
কোথাও গাছের গুঁড়িতে ধাক্কা খাচ্ছে নৌকা। কোথাও ডুবোচরে নৌযান আটকে পড়ায় যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি কমে যাওয়ায় প্রায়ই ঘটছে এমন দুর্ঘটনা। এ পরিস্থিতিতে জেলার পাঁচটি উপজেলায় এরই মধ্যে লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ভোগান্তিতে পড়তে হচ্ছে পর্যটকদের।
হ্রদের পানি কমে যাওয়ায় কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রের উৎপাদনও কমে গেছে। প্রতিষ্ঠানটির পাঁচটি ইউনিটের মধ্যে চারটি ইউনিট বন্ধ রয়েছে।
গত সোমবার সন্ধ্যায় শহরের জেলা প্রশাসকের বাসভবন এলাকায় হ্রদের পানিতে নৌকাডুবিতে জয়পুরহাট থেকে আসা দুই পর্যটকের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আহত হন আরও তিনজন। শহরের ঝুলন্ত সেতু এলাকা থেকে রিজার্ভ বাজারে যাওয়া পথে পানির নিচে থাকা গাছের গুঁড়ির সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
নৌযানের চালকেরা জানান, কাপ্তাই লেকের একাধিক স্থানে পানির নিচে গাছের গুঁড়ি রয়েছে। পানি বেশি থাকলে সেগুলো নিচে পড়ে থাকায় নৌযান চলাচলে সমস্যা হয় না। কিন্তু পানি কমার সঙ্গে সঙ্গে সেগুলো ভেসে উঠতে শুরু করে। পানির ওপরে ভেসে ওঠা গাছের গুঁড়িগুলো নৌযানের চালকেরা সচেতনভাবে এড়িয়ে গেলেও পানির সামান্য নিচে থাকা গুঁড়িগুলোতে দুর্ঘটনা ঘটছে।
চালকেরা আরও জানান, শহরের রিজার্ভ বাজার থেকে পলওয়েল পার্ক হয়ে ঝুলন্ত সেতু এলাকায় যেতেই অন্তত ১৫টি গাছের গুঁড়ি অতিক্রম করতে হয়। এর মধ্যে ছয় থেকে সাতটি গুঁড়ি পানির এক থেকে দুই ফুট নিচে। পানির নিচে হওয়ায় গুঁড়িগুলো নৌযানের চালকেরা সব সময় দেখতে পান না। এ কারণে গুঁড়িগুলোর সঙ্গে ধাক্কা লেগে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
এ ছাড়া কাপ্তাই হ্রদের কাইন্দেমুখ, মগবান, বন্দুকভাঙা, কাট্টলী বিলসহ একাধিক স্থানে গাছের গুঁড়ি রয়েছে। ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে কোনো সতর্কচিহ্ন নেই।
পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে হ্রদের একাধিক স্থানে ডুবোচরও দেখা দিয়েছে বলে জানান নৌযানের চালকেরা। তাঁরা জানান, রাঙামাটি শহর থেকে নানিয়ারচর, লংগদু, বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি ও বিলাইছড়িতে যাওয়ার পথে এসব ডুবোচরের কারণে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে।
স্থানীয় প্রশাসন সূত্র জানায়, জলবিদ্যুৎ উৎপাদনের জন্য কর্ণফুলী নদীতে বাঁধ দেওয়া হলে কাপ্তাই হ্রদের সৃষ্টি হয়। ১৯৫৬ সালে শুরু হয়ে ১৯৬২ সালে শেষ হয় বাঁধের নির্মাণকাজ। বাঁধের কারণে ৫৪ হাজার একর কৃষিজমি ডুবে যায়, যা ওই এলাকার মোট কৃষিজমির ৪০ শতাংশ। ডুবে যাওয়া জমিতে বেশ কিছু বনও ছিল। কাপ্তাই হ্রদের নিচ থেকে ভেসে ওঠা গাছের গুঁড়িগুলো ওই সব বনের। তবে কিছু এলাকায় মাছ ধরার জন্য জেলেরা গাছের গুঁড়ি ফেলেছেন।
রাঙামাটি পর্যটন কমপ্লেক্স নৌঘাটের ব্যবস্থাপক মো. রমজান আলী প্রথম আলোকে বলেন, দুই থেকে তিন মাস ধরে রাঙামাটিতে পর্যটকের সংখ্যা বেড়েছে। এ সময় নৌযানে করে পর্যটকেরা শুভলং ঝরনাসহ আশপাশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে যান। কিন্তু পর্যটন মৌসুমে নৌপথে ঝুঁকি বাড়ায় নৌযানের মালিক ও চালকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ঝুঁকিপূর্ণ স্থানগুলো স্থানীয় প্রশাসনের উদ্যোগে চিহ্নিত করে দিলে নৌযানের চালক ও যাত্রীদের ভোগান্তি কমত।
রাঙামাটি লঞ্চ মালিক সমিতির সভাপতি মো. মঈন উদ্দিন সেলিম প্রথম আলোকে বলেন, কাপ্তাই হ্রদে ড্রেজিং না হওয়া এবং বৃষ্টি কম হওয়ার কারণে পানি অস্বাভাবিকভাবে কমে গেছে। তাই গাছের গুঁড়ি ও ডুবোচর দেখা দিচ্ছে। ঝুঁকিপূর্ণ স্থানগুলো বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসন চিহ্নিত করে দিলে দুর্ঘটনা কমবে।
মো. মঈন উদ্দিন সেলিম জানান, পানি কমার কারণে জানুয়ারি থেকে পর্যায়ক্রমে পাঁচটি উপজেলায় লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। ইঞ্জিনচালিত ছোট ছোট নৌযানে যাত্রীরা যাতায়াত করছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় ছোট নৌযানগুলোতে গাদাগাদি করে উঠতে হচ্ছে তাঁদের। অনেকে এ সুযোগে বাড়তি ভাড়াও আদায় করছেন।
কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আবদুর জাহের প্রথম আলোকে বলেন, গতকাল বুধবার দুপুরে রেকর্ড করা তথ্যানুযায়ী হ্রদে পানির স্তর রয়েছে ৮৪ দশমিক ৯৮ ফুট। সাধারণত এ সময়ে ৯৪ দশমিক শূন্য ৫ ফুট পানি থাকে। পানি কমে যাওয়ায় চারটি ইউনিট বন্ধ রেখে কেবল একটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। ৫টি ইউনিটে ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলেও এখন উৎপাদিত হচ্ছে মাত্র ৩০ মেগাওয়াট।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, গত সোমবার যেখানে দুর্ঘটনা হয়েছে, সেখানে এরই মধ্যে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করার ব্যাপারে বিআইডব্লিউটিএর সঙ্গে কথা হয়েছে।