রিজওয়ানা হাসানের ওপর হামলার উদ্বেগ রাজশাহীর বিশিষ্ট নাগরিকদের
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িতে হামলার ঘটনায় রাজশাহীর বিশিষ্ট নাগরিকেরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ও নিন্দা জানিয়েছেন। আজ মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন তাঁরা।
বিবৃতিতে বলা হয়েছে, ২৬ জানুয়ারি চট্টগ্রামের আকবরশাহ এলাকায় বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। এ সময় তাঁর সফরসঙ্গী বেলার কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়। সেদিন দুপুর দেড়টার দিকে আকবরশাহ থানাধীন লেকসিটি আবাসিক এলাকায় পাহাড় কেটে ভরাট করা ছড়া পরিদর্শনের সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলম ওরফে জসিমের নেতৃত্বে তাঁর অনুসারী দুর্বৃত্তরা এ ঘটনা ঘটান। এ সময় তাঁরা দেশিয় ধারালো অস্ত্র বহন করছিলেন। এর আগে কমিশনারের লোকজন প্রতিনিধিদলের গাড়ি আটকে রাখেন। পরে পুলিশ এসে গাড়ি উদ্ধার করে।
বিবৃতিতে স্বাাক্ষরকারীরা এ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, দোষীদের উপযুক্ত শাস্তি এবং আকবরশাহ পাহাড় ও কালীরছড়া খাল অবিলম্বে দখলমুক্ত করে সংরক্ষণের দাবি জানান।
বিবৃতিতে আরও বলা হয়, পরিবেশ, মানবাধিকার ও অধিকারভিত্তিক সংগঠনগুলো প্রায়ই এ ধরনের অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করে প্রকৃত ঘটনা সংবাদ মাধ্যম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরে তাঁদের নাগরিক দায়িত্ব পালন করে আসছে। তাই এ ধরনের ন্যক্কারজনক হামলার ঘটনা উদ্বেগজনক।
স্থানীয় একাধিক সূত্র জানায়, চট্টগ্রামের উত্তর পাহাড়তলীতে অবৈধ পাহাড়কাটার অভিযোগে অভিযুক্ত কাউন্সিলর জহুরুল আলমের বিরুদ্ধে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর ইতিমধ্যে আকবরশাহ থানায় একটি মামলা করেছে। এর আগে ২০১৫ সালে তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা করেছিল পরিবেশ অধিদপ্তর। এ আক্রমনের ঘটনায়ও একই থানায় একটি অভিযোগ করা হয়েছে।
বিবৃতিদাতারা হলেন, রাজশাহী বিশ্বদ্যিালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, রাজশাহী বিশ্বদ্যিালয়ের আইন অনুষদের সাবেক ডিন অধ্যাপক আ ন ম ওয়াহিদ, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর তালুকদার, রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক দীপকেন্দ্র নাথ দাস, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা অনুষদের ডিন অধ্যাপক তুহিন ওয়াদুদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক রেদওয়ানুর রহমান, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক মো. লিয়াকত আলী, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি রাজশাহী জেলার সাধারণ সম্পাদক অসিত সাহা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী জেলা সভাপতি মো. জামাত খান, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সহসভাপতি মো. আবদুল মান্নান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি লাইব্রেরিয়ান সৈয়ক মিশফাক আলী, অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্টের (এসিডি) নির্বাহী পরিচালক সালীমা সারোয়ার, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির পরিচালক (আইন) দিল সেতারা বেগম, বেসরকারি সংস্থা ‘রুলফাও’–এর পরিচালক আফজাল হোসেন, ‘পরিবর্তন’–এর পরিচালক রাশেদ রিপন, ব্লাস্ট রাজশাহী ইউনিটের সমন্বয়কারী সামিনা বেগম, বেলার রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী তন্ময় কুমার সান্যাল প্রমুখ।