ফরিদপুরে ২০০ ভরি স্বর্ণ ডাকাতির ঘটনায় ছাত্রলীগ নেতার স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সভাপতি তৌফিক খান ওরফে সাদিদ
ছবি: সংগৃহীত

ফরিদপুরের মধুখালীতে ব্যবসায়ীকে বাস থেকে নামিয়ে ২০০ ভরি সোনা ডাকাতির ঘটনায় করা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সভাপতি তৌফিক খান ওরফে সাদিদ (২৩)।

আজ বুধবার বিকেল পাঁচটার দিকে ফরিদপুরের ৫ নম্বর আমলি আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফারুক হোসেন তাঁর জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি গ্রহণের পর তাঁকে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন

বিষয়টি নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুই দিনের রিমান্ড শেষে আজ বেলা একটার দিকে তৌফিককে আদালতে সোপর্দ করা হয়। তিনি ডাকাতির ঘটনায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি চাইলে আদালত তাঁকে আরও চিন্তাভাবনার জন্য তিন ঘণ্টা সময় দেন। তিন ঘণ্টা পর বিকেল চারটা থেকে তৌফিকের জবানবন্দি রেকর্ড করা হয়।

তৌফিক খান বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের আবদুল মান্নান খানের ছেলে। আবদুল মান্নান খান উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক। পেশায় তিনি একজন চাল ব্যবসায়ী।

আরও পড়ুন

গত শুক্রবার সকালে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী সেতুর টোল প্লাজা এলাকায় একটি বাসের গতি রোধ করে বাসের যাত্রী স্বর্ণ ব্যবসায়ী রাসেল মিয়াকে (৩২) ধরে নিয়ে যায় কয়েকজন দুর্বৃত্ত। তারা রাসেলকে সড়কের পাশে একটি করাতকল মালিকের (জুয়েল খান) বাড়িতে নিয়ে গিয়ে ২০টি সোনার বার ছিনিয়ে নেয়। ওই সোনার বারে ২০০ ভরি সোনা ছিল। এ ঘটনায় রাসেল মিয়া শুক্রবার রাতে মধুখালী থানায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার–পাঁচজনকে আসামি করে একটি ডাকাতির মামলা করেন।

এ ঘটনায় শনিবার সকালে পুলিশ এজাহারভুক্ত আসামি রইচ মোল্লাকে (৪০) গ্রেপ্তার করে। ওই দিন বিকেলে তিনি আদালতে স্বীকারোক্তি দেন। পরদিন সন্ধ্যায় পুলিশ ছাত্রলীগ নেতা তৌফিককে গ্রেপ্তার করে। গত সোমবার আদালত তৌফিককে দুই দিনের রিমান্ডে পাঠান। এরপর তৌফিককে ছাত্রলীগের সভাপতির পদ থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডাকাতির ঘটনায় স্বীকারোক্তি দেওয়া তৌফিক খানকে কেক খাইয়ে দিচ্ছেন সংসদ সদস্য জিল্লুল হাকিম
ছবি: সংগৃহীত

এদিকে স্থানীয় রাজনীতিতে আবদুল মান্নান ও তাঁর ছেলে তৌফিক বালিয়াকান্দি, কালুখালী ও পাংশা উপজেলা নিয়ে গঠিত রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুল হাকিমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এ ছাড়া তৌফিকের বিরুদ্ধে একজনকে হত্যা করার অভিযোগ আছে। ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর ওই হামলা চালানো হয়। হামলায় নিহত হাশেম ভূঁইয়া (৭৫) বালিয়াকান্দি শহরের ইলিশকোল বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা। কিন্তু রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে থানায় এ ঘটনায় মামলা করতে দেওয়া হয়নি।

আরও পড়ুন

হাশেমের ছেলে জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। হামলায় আমার বাবা আহত হয়ে মারা যান। এ ব্যাপারে মামলা দেওয়ার জন্য বড় ভাই থানায় কয়েক দিন ঘোরাঘুরি করে। কিন্তু পুলিশ মামলা নেয়নি।’

মামলা না নেওয়ার বিষয়ে বালিয়াকান্দি থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, তিনি তখন থানার দায়িত্বে ছিলেন না। তখন দায়িত্বে থাকা কোনো কর্মকর্তা এখন থানায় নেই। এ জন্য তখন কী হয়েছে, তা তাঁর জানা নেই।