কুমিল্লায় এনসিপির মেয়র প্রার্থী তারিকুলকে সমর্থন দিতে নগরবাসীর প্রতি আহ্বান হাসনাত আবদুল্লাহর

কুমিল্লায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সোমবার বিকেলে কুমিল্লা নগরের ধর্মসাগরপাড়ে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট মিলনায়তনেছবি: প্রথম আলো

আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত মেয়র প্রার্থী মো. তারিকুল ইসলামকে সমর্থন দিতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সোমবার বিকেলে নগরের ধর্মসাগরপাড়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এই আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘কুমিল্লাবাসীর প্রয়োজন এবং বিবেচনায় মো. তারিকুল ইসলামকে এনসিপি, জাতীয় যুবশক্তি, ছাত্রশক্তি, নারী শক্তিসহ দলের সহযোগী সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে সমর্থন দিয়েছে। কুমিল্লাবাসীর প্রতি আহ্বান থাকবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন, আপনাদের প্রত্যাশা ও প্রাপ্তিগুলো যেভাবে বলেছিলেন, ঠিক সেভাবে তারিকুল ইসলামকে আপনারা গ্রহণ করে নেবেন। এই কুমিল্লাকে আধুনিকীকরণ, কুমিল্লার নাগরিক সমস্যা সমাধান, নাগরিক সুবিধাগুলো নিশ্চিতকরণে তারিকুল ইসলামের কার্যক্রম ও প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমি বিশ্বাস করি, কুমিল্লার গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারিকুল ইসলাম প্রয়োজনীয় ভূমিকা রাখবেন।’

আরও পড়ুন

এ সময় আগামী সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী তারিকুল ইসলামকে বিজয়ী করতে নেতা-কর্মী ও নগরবাসীর প্রতি সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান হাসনাত। এ ছাড়া তারিকুল ইসলামের পক্ষে জনসমর্থন তৈরিতে নেতা-কর্মীদের প্রতিটি ঘরে ঘরে যাওয়ার নির্দেশনা দেন তিনি।

সংবাদ সম্মেলনে এনসিপি–সমর্থিত মেয়র প্রার্থী মো. তারিকুল ইসলাম বলেন, দেশের অন্য সিটি করপোরেশনগুলোর তুলনায় কুমিল্লা অনেক বেশি অবহেলিত। কুমিল্লার সন্তানেরা দেশের প্রয়োজনে নেতৃত্ব দিচ্ছে। কিন্তু দেশের জন্য নেতৃত্ব তৈরি করলেও কুমিল্লা নগর এখনো নানা সমস্যা ও অব্যবস্থাপনায় জর্জরিত। বিগত সময়গুলোতে কুমিল্লা শহরের ইতিহাস-ঐতিহ্য যথাযথভাবে তুলে ধরা হয়নি এবং নাগরিক সমস্যাগুলোর কার্যকর সমাধান হয়নি। তিনি নির্বাচিত হলে কুমিল্লার নাগরিক সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং একটি পরিকল্পিত ও আধুনিক নগর গড়ে তোলা হবে। এ জন্য কুমিল্লাবাসীকে তাঁদের পাশে থাকার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

এদিন বেলা দুইটায় সংবাদ সম্মেলনের জন্য গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানানো হলেও এটি শুরু হয় বিকেল চারটায়। এর আগে একই স্থানে সাংগঠনিক সভা করেছে দলটি।

সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা অঞ্চল তত্ত্বাবধায়ক নাভিদ নওরোজ শাহ্, সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রশক্তির সভাপতি জিয়া উদ্দিন আয়ান, এনসিপির কুমিল্লা মহানগরের প্রধান সমন্বয়কারী সিরাজুল হকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

গত ২৯ মার্চ সংবাদ সম্মেলন করে ঢাকা দক্ষিণ, উত্তর সিটিসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনের মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করে এনসিপি। ঢাকা দক্ষিণে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ঢাকা উত্তরে আরিফুল ইসলাম আদীব, রাজশাহীতে মোবাশ্বের আলী, সিলেটে আবদুর রহমান আফজাল, কুমিল্লায় তারিকুল ইসলামকে মেয়র পদে প্রার্থী ঘোষণা করা হয়। বাকি সাত সিটি করপোরেশনের মেয়র প্রার্থীর নামও শিগগির ঘোষণা করার কথা বলেন দলটির নেতারা।