তুমব্রু সীমান্তে শূন্যরেখার ১ হাজার ৩৭৩ রোহিঙ্গার হদিস মিলছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেরার তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অস্থায়ী বসতি স্থাপন করেছেন শূন্যরেখার রোহিঙ্গারা। সম্প্রতি তোলা
ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু গ্রামে অবস্থান নেওয়া শূন্যরেখার ১ হাজার ৩৭৩ জন রোহিঙ্গার হদিস মিলছে না। গত রোববার ও গতকাল সোমবার দুই দিন গণনার পর সেখানে ৫৪৫টি পরিবারের ২ হাজার ৯২৭ জন রোহিঙ্গাকে পাওয়া গেছে। এর মধ্যে ৩৭২টি পরিবারের ২ হাজার ৮০ জন শরণার্থী হিসেবে উখিয়া-টেকনাফের বিভিন্ন শিবিরে নিবন্ধিত। বাকিদের অনুপ্রবেশকারী (অনিবন্ধিত) হিসেবে চিহ্নিত করা হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধিদের ভাষ্য, শূন্যরেখার কোনারপাড়া আশ্রয়শিবিরে ৫ বছর ধরে ৬২১টি পরিবারের ৪ হাজার ৩০০ জন রোহিঙ্গা অবস্থান করছিল। কিন্তু গণনায় এক হাজারের বেশি রোহিঙ্গাকে পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন

জনপ্রতিনিধিরা বলছেন, বিভিন্ন অপরাধে জড়িত এসব রোহিঙ্গা তুমব্রু ছেড়ে বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছে। তাদের অধিকাংশই হত্যা, অপহরণ, মাদক ও মানব পাচার মামলার আসামি।

নাম প্রকাশ না করার শর্তে গণনাসংশ্লিষ্ট একজন জনপ্রতিনিধি প্রথম আলোকে বলেন, কোনারপাড়া আশ্রয়শিবিরে ৫ বছর ধরে ৬২১টি পরিবারের ৪ হাজার ৩০০ জন রোহিঙ্গা অবস্থান করছিল। ১৮ জানুয়ারি গোলাগুলির পর সেখানে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হলে তারা তুমব্রু বিদ্যালয়ের মাঠে ঠাঁই নেয়। কিন্তু গণনার পর ১ হাজার ৩৭৩ জন রোহিঙ্গার হদিস মিলছে না। তারা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, কক্সবাজারের উখিয়া, টেকনাফ ও চট্টগ্রামের দিকে আত্মগোপন করেছে।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, শূন্যরেখার আশ্রয়শিবির থেকে তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও আশপাশের এলাকায় থাকা রোহিঙ্গাদের গত রোববার ও গতকাল সোমবার দুই দিন গণনা করা হয়। বর্তমানে সেখানে ৫৪৫টি পরিবারের ২ হাজার ৯২৭ জন রোহিঙ্গা আছে। এর মধ্যে ৩৭২টি পরিবারের ২ হাজার ৮০ জন উখিয়া ও টেকনাফের বিভিন্ন শিবিরে শরণার্থী হিসেবে নিবন্ধিত। বাকি ১৭৩টি পরিবারের ৮৪৭ জনকে অনুপ্রবেশকারী (অনিবন্ধিত) হিসেবে চিহ্নিত করা হয়।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, রোববার সকাল থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত তুমব্রু সীমান্তে থাকা শূন্যরেখার রোহিঙ্গাদের গণনার তথ্য শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে পাঠানো হয়েছে। গণনার সময় আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) ও রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজারের সদস্যরা সহযোগিতা করেন। এ ছাড়া বেশ কিছু রোহিঙ্গার আত্মগোপনের তথ্য পাওয়া গেছে। তারা কোথায় গেছে, সেটা অনুসন্ধান চলছে।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তুমব্রু সীমান্তে থাকা রোহিঙ্গাদের বিষয়ে করণীয় ঠিক করতে মঙ্গলবার বিকেলে কক্সবাজারে বৈঠক হয়েছে। বৈঠকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, জাতিসংঘের উদ্বাস্তুবিষয়ক সংস্থার প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে তুমব্রুর রোহিঙ্গাদের বিষয়ে আরও অধিকতর তদন্তের (যাচাই-বাছাই) পাশাপাশি আত্মগোপন করা রোহিঙ্গাদের খুঁজে বের করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ঘুমধুম ইউপির চেয়ারম্যানের নেতৃত্বে তুমব্রুর রোহিঙ্গাদের গণনা করে ২ হাজার ৯২৭ জনের তালিকা করা হয়েছে। এর মধ্যে শরণার্থী হিসেবে নিবন্ধিত ২ হাজার ৮০ জন। বাকি ৮৪৭ জনের নিবন্ধন নেই। তাদেরও নিবন্ধন আছে কি না, সেটা যাচাইয়ের জন্য আগামী রোববার থেকে আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) নেওয়া হবে। এরপর তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন

এক প্রশ্নের জবাবে মিজানুর রহমান বলেন, নিবন্ধিত ২ হাজার ৮০ জনকে উখিয়া ও টেকনাফের বিভিন্ন শিবিরে পাঠানো হতে পারে। যিনি যে শিবিরে নিবন্ধিত, তাঁকে সেখানে পাঠানো হবে। তার আগে নিবন্ধিত ঠিকানায় ঘরবাড়ি আছে কি না, সেটা যাচাই করা হচ্ছে। তত দিন শূন্যরেখার রোহিঙ্গারা তুমব্রুতে থাকবেন।

রোহিঙ্গাদের আত্মগোপনের বিষয়ে তিনি বলেন, কিছু রোহিঙ্গা ওপারে (রাখাইন) চলে গেছে, কিছু নাইক্ষ্যংছড়ির বিভিন্ন জায়গায় লুকিয়েছেন বলে খবর আছে। তাদের খুঁজে বের করতে পুলিশকে বলা হয়েছে। আত্মগোপন করা রোহিঙ্গারা বিভিন্ন মামলার আসামি। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন

১৮ জানুয়ারি শূন্যরেখার শিবিরে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান স্যালভেশন আর্মি’র (আরসা) সঙ্গে আরেকটি সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন’-এর (আরএসও) মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। গুলিতে তিনজন হতাহত হয়। এ ঘটনার পর শূন্যরেখায় ৬৩০টির বেশি ঘর পুড়িয়ে দেওয়া হয়। এরপর ৪ হাজার ৩০০ রোহিঙ্গা গৃহহীন হয়ে তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আশ্রয় নেয়।

বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১২ লাখ। এর মধ্যে ২০১৭ সালের ২৫ আগস্টের পর কয়েক মাসে দেশটির সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে আসে ৮ লাখ রোহিঙ্গা। ওই সময় স্থলপথে ৬ হাজারের বেশি রোহিঙ্গা পালিয়ে এসে শূন্যরেখায় আশ্রয়শিবির গড়ে। স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, ১৭ জানুয়ারি পর্যন্ত শূন্যরেখার আশ্রয়শিবিরে ছিল ৬২১টি পরিবারের ৪ হাজার ৩০০ জন রোহিঙ্গা।