হাসপাতালের শয্যায় নিস্তেজ বৃদ্ধার পাশে প্রশাসন, সেবাযত্নে কর্মী নিয়োগ
রাজশাহীর বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যায় অজ্ঞাতনামা বৃদ্ধার পাশে দাঁড়িয়েছে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) অন্য কর্মকর্তারা তাঁর খোঁজখবর নিয়েছেন। বৃদ্ধার সেবাযত্নের জন্য প্রশাসনের পক্ষ থেকে এক নারীকে নিযুক্ত করা হয়েছে।
গতকাল রোববার প্রথম আলোর অনলাইনে ‘হাসপাতালের শয্যায় নিস্তেজ বৃদ্ধা, আপনজনের খোঁজ নেই’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। আজ সোমবার দুপুরে ইউএনও এ এফ এম আবু সুফিয়ান বিভিন্ন ধরনের ফল ও পুষ্টিকর খাবার নিয়ে হাসপাতালে ওই বৃদ্ধাকে দেখতে যান। তাঁর সঙ্গে সমাজসেবা দপ্তরের কর্মকর্তারা ছিলেন।
ইউএনও আবু সুফিয়ান বলেন, সংবাদটি জেলা প্রশাসনের নজরে এসেছে। সেখানে থেকে বৃদ্ধার খোঁজখবর নেওয়ার নির্দেশনা এসেছে। তিনি বৃদ্ধার সেবাযত্নœকরার জন্য একজন নারীকে নিয়োগ দিয়েছেন। তিনি অভিভাবক হিসেবে বৃদ্ধার সেবা করবেন। এ ছাড়া নিয়মিত পুষ্টিকর খাবারের জন্য ব্যবস্থা করা হয়েছে। বৃদ্ধাকে চিকিৎসা ও সেবা দিয়ে আপাতত কিছুটা সুস্থ করার চেষ্টা চালানো হবে। এরপর উন্নত চিকিৎসাসহ পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তাঁর পরিচয় উদ্ধারের জন্য গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমের সহযোগিতা নেওয়া হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রাব্বানী প্রথম আলোকে বলেন, অজ্ঞাতপরিচয়ের ওই বৃদ্ধা শারীরিকভাবে দুর্বল। অনাহারে থেকে এ অবস্থার সৃষ্টি হয়েছে। ইউএনও মহোদয় সেবা করার জন্য একজন লোক নিয়োগ করেছেন। সেবায় কিছুটা উন্নতি হয়েছে।
আজ দুপুরে হাসপাতালে গিয়ে বৃদ্ধাকে অস্পষ্ট ভাষায় কিছু বলতে শোনা যায়। হাসপাতালের এক নার্স বলেন, আজ সকালে বৃদ্ধার সেবায় নিয়োজিত থাকা নারী তাঁকে গোসল করে দিয়েছেন। শরীরে সাবানও দেওয়া হয়েছে।
গত ২৫ মার্চ রাতে অজ্ঞাতনামা বৃদ্ধাকে হাসনিপুর এলাকার ইউনিয়ন পরিষদের ভেতর থেকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন জামাল উদ্দিন নামের এক গ্রাম পুলিশ সদস্য। তখন থেকে বৃদ্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই আছেন। তাঁর ভাষ্য, ওই রাতে শহীদ মিনারে ফুল দেওয়ার প্রস্তুতি নেওয়ার সময় পরিষদের বারান্দায় ওই বৃদ্ধাকে পড়ে থাকতে দেখেন। মাঝেমধ্যে কাতরানোর পর আবার অচেতন হয়ে পড়ছিলেন। তিনি কথাও বলতে পারছিলেন না। পরে গণিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে স্থানীয় থানায় বিষয়টি জানানো হয়। পরে বৃদ্ধাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।