আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা
প্রায় আড়াই বছর পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে ঢুকেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল রোববার রাতে তাঁরা সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে দলটির সভানেত্রী ও জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, গতকাল রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করেন। প্রথমে তাঁরা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সেখানে দাঁড়িয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন।
শপথে নেতা-কর্মীরা বলেন, যতক্ষণ পর্যন্ত না শেখ হাসিনাকে বাংলার বুকে ফিরিয়ে আনতে পারবেন, ততক্ষণ তাঁদের সংগ্রাম চলবে। তাঁকে ফিরিয়ে আনতে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম করবেন তাঁরা।
এর আগে সর্বশেষ ২০২৪ সালের ৭ আগস্ট বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছিলেন জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সেদিনও তাঁরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছিলেন।
পৌর যুবলীগের নেতা নুরুল ইসলাম নেতা-কর্মীদের শপথবাক্য পাঠ করান বলে জানা গেছে। পরে পৌর ছাত্রলীগের সভাপতি ইফতি জামানের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এর আগে সর্বশেষ ২০২৪ সালের ৭ আগস্ট বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছিলেন জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সেদিনও তাঁরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছিলেন। এরপর দীর্ঘদিন সমাধিসৌধ কমপ্লেক্সে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ রাখে প্রশাসন। কমপ্লেক্সের তিনটি ফটকে পুলিশ মোতায়েনসহ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।