সড়কে খানাখন্দ, মশার উপদ্রব

দুই ওয়ার্ডেই পাড়া-মহল্লার গলিগুলো সরু। এ ছাড়া মশার উপদ্রবে দুই ওয়ার্ডের বাসিন্দারা অতিষ্ঠ।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের ৮ নম্বর ওয়ার্ডের করেরপাড়া এলাকার ভাঙাচোরা সড়ক। সড়কের পাশে পড়ে আছে নির্মাণসামগ্রী। গত সোমবার সকালে।
ছবি: প্রথম আলো

পিচঢালাই উঠে গেছে। সড়কজুড়ে অসংখ্য খানাখন্দ। সেখানে জমেছে বৃষ্টির পানি। ৮ নম্বর ওয়ার্ডের পাড়া-মহল্লার অধিকাংশ সড়কের অবস্থা এখন খারাপ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এসব সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় ব্যক্তিদের।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ব্রাহ্মণশাসন, হাওলদারপাড়া, কুচারপাড়া, করেরপাড়া, পনিটুলা, পাঠানটুলা, নতুনবাজার ও উত্তর পীরমহল্লা এলাকা নিয়ে ৮ নম্বর ওয়ার্ডটি গঠিত। প্রতিটি এলাকার সড়কই কমবেশি ভাঙাচোরা। প্রায় দুই বছর ধরে এমন অবস্থা চলছে।

পনিটুলা এলাকার বাসিন্দা ব্যবসায়ী জাহেদ আহমদ চৌধুরী (৪২) বলেন, করেরপাড়া, নতুনবাজার, হাওলদারপাড়া, পনিটুলা পল্লবী আবাসিক এলাকা, ব্রাহ্মণশাসন এলাকার রাস্তাঘাট সবচেয়ে খারাপ। চলাচল করতে তাঁদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টিতে রাস্তায় পানি জমে যায়। এলাকাবাসীকে নোংরা পানি মাড়িয়ে চলাচল করতে হয়।

আফতাব হোসেন ও ইলিয়াছুর রহমান

গত রোববার রাতে সরেজমিনে দেখা গেছে, করেরপাড়া এলাকার মূল সড়কটির পিচঢালাই ও পাথরের খোয়া উঠে খানাখন্দে ভরে গেছে। দুই পাশ ভেঙে সংকুচিত হয়ে গেছে। খানাখন্দে জমেছে বৃষ্টির পানি। এতে যানবাহন চলছে হেলেদুলে। এ ছাড়া করেরপাড়া এলাকার বিভিন্ন মহল্লা, ভট্টপাড়া, দরজিপাড়া, পাঠানটুলা (আংশিক), হাওলদারপাড়া ও নতুনবাজার এলাকার সড়কেও প্রচুর খানাখন্দ রয়েছে। এ ছাড়া এসব সড়কের যত্রতত্র আবর্জনা পড়ে থাকতে দেখা গেছে।

ওয়ার্ডের লোকজন বলেন, অধিকাংশ পাড়া-মহল্লার গলিগুলো সরু। এ কারণে অনেক বাসার সামনে রিকশা পর্যন্ত যেতে পারে না। এলাকাবাসী সারা বছরই মশার উপদ্রবে অতিষ্ঠ। অথচ নিয়মিত মশকনিধন অভিযান হয় না। অনেক এলাকার নালায় ঢাকনা নেই।

নোয়াপাড়া এলাকার গৃহিণী রোকেয়া বেগম (৫২) জানান, মশার উপদ্রবে মানুষজন অতিষ্ঠ। অথচ কখনোই ওষুধ ছিটাতে দেখা যায় না সিটি করপোরেশন কর্তৃপক্ষকে।

পাঁচজন বাসিন্দা অভিযোগ করে বলেন, মদিনা মার্কেট-কালীবাড়ী-হাওলদারপাড়া এবং মদিনা মার্কেট-নতুনবাজার সড়কে ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল করে। কিন্তু অধিকাংশ চালক অপ্রাপ্তবয়স্ক। তাদের প্রশিক্ষণ না থাকায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। ২০ থেকে ২৫ জন অপ্রাপ্তবয়স্ক সড়ক দুটিতে ইজিবাইক চালাচ্ছে বলে তাঁরা জানিয়েছেন।

ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক–ভ্যান চালক সংগ্রাম পরিষদ সিলেটের সভাপতি প্রণব জ্যোতি পাল বলেন, যাঁদের জাতীয় পরিচয়পত্র রয়েছে, তাঁদের লাইসেন্স দেওয়া উচিত। এ ছাড়া এসব যানবাহন নিবন্ধন দেওয়ার পর প্রশিক্ষণেরও ব্যবস্থা করা উচিত।

ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী সাব্বির খান বলেন, পুরো ওয়ার্ডের পয়োনিষ্কাশনব্যবস্থা অত্যন্ত নাজুক। সম্প্রতি যেসব নালা নির্মাণ করা হয়েছে, এসবেরও গভীরতা কম। তাই ভারী বৃষ্টিতে নালা উপচে পানি সড়ক ও বাসাবাড়িতে ঢুকে যাওয়ার আশঙ্কা আছে।

ওয়ার্ডের দুবারের নির্বাচিত কাউন্সিলর ইলিয়াছুর রহমান বলেন, পরিকল্পিতভাবে ওয়ার্ডের ৮৫ শতাংশ নালার নির্মাণকাজ শেষ হয়েছে। বাকি কাজও চলছে। এ ছাড়া সব কটি সড়ক নির্মাণে দরপত্র আহ্বানও হয়েছে। পর্যায়ক্রমে সব সড়কের নির্মাণকাজ শেষ হবে।

কাউন্সিলর আরও বলেন, মশকনিধনে সিটি কর্তৃপক্ষ মাত্র একবার ওয়ার্ডে ওষুধ ছিটায়। ফলে মশার উপদ্রব লেগে থাকে। আর অপ্রাপ্ত ও অদক্ষ চালকেরা যেন ইজিবাইক চালাতে না পারে, সে জন্য ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষকে বারবার ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ দুই অভিযোগের বাইরে ওয়ার্ডে তাঁর সময়ে ব্যাপক উন্নয়নকাজ হয়েছে। তাই যেকোনো সময়ের চেয়ে বাসিন্দারা এখন ভালো আছেন।

দুর্বল পয়োনিষ্কাশনব্যবস্থা

ভাঙাচোরা সড়ক। যত্রতত্র ছড়িয়ে আছে ময়লা-আবর্জনা। পয়োনিষ্কাশনব্যবস্থা না থাকায় রাস্তা দিয়েই গড়িয়ে পড়ছে নোংরা পানি। সরু গলি হওয়ায় যানবাহনও ঠিকমতো চলাচল করতে পারছে না। গতকাল সোমবার বেলা পৌনে তিনটার দিকে সিলেট নগরের বনকলাপাড়া বটরতলা এলাকায় গিয়ে এ দুরবস্থা চোখে পড়ে।

বটরতলা এলাকাটির অবস্থান সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডে। এ ওয়ার্ডের অন্য এলাকাগুলো হচ্ছে ফাজিল চিশত, জালালাবাদ, পশ্চিম পীরমহল্লা, বনকলাপাড়া, সায়েফ খান রোড ও সুবিদবাজার। এসব এলাকাঘুরে দেখা গেছে, মূল সড়ক প্রশস্ত হলেও পাড়া-মহল্লার গলিগুলো সরু।

বনকলাপাড়া বিরাশি গলি এলাকার বাসিন্দা আইনজীবী আবদুল মুকিত বলেন, বিরাশি গলি এলাকায় সিটি করপোরেশনের কোনো পানির সংযোগ নেই। ফলে এখানকার বাসিন্দাদের ব্যক্তিগত উদ্যোগে পানি সংগ্রহ করতে হয়। পাশাপাশি দুই বছর ধরে গলির রাস্তাটি ভাঙাচোরা অবস্থায় আছে। এখানে মশার উপদ্রব খুব বেশি। এ ছাড়া ভারী বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। তখন মসজিদসহ বাসাবাড়িতে পানি ঢুকে পড়ে।

স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করেন, দস্তিদার দিঘির পাড়, বনকলাপাড়া ও মণিপুরি এলাকার বেশ কিছু অংশে পয়োনিষ্কাশনব্যবস্থা ভালো নয়। সুবিদবাজার ও মণিপুরিপাড়া এলাকার কিছু অংশে সিটি করপোরেশনের সরবরাহ করা পানির গতি কম। স্থানীয় লাল সবুজ যুবসমাজ কল্যাণ সংস্থার সভাপতি সৌরভ সোহেল বলেন, বনকলাপাড়া এলাকার কিছু রাস্তা এখনো অপ্রশস্ত রয়েছে। এ ছাড়া বনকলাপাড়ার লাল সবুজ ও ইসলামাবাদ মহল্লায় সড়কবাতিও অপ্রতুল।

৭ নম্বর ওয়ার্ডের দুইবারের নির্বাচিত কাউন্সিলর আফতাব হোসেন খান বলেন, আগের যেকোনো সময়ের তুলনায় এখন ওয়ার্ডের সমস্যা অনেকটাই দূর হয়েছে। একটি স্মার্ট ওয়ার্ড গড়ার জন্য কাজ করছেন তিনি। নিয়মিত ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। এরপরও কিছু অসচেতন মানুষ যত্রতত্র ময়লা ফেলে আশপাশ নোংরা করে। আগে ওয়ার্ডে অসংখ্য সরু গলি ছিল, এসব প্রশস্ত করা হয়েছে।

কাউন্সিলর আরও বলেন, নতুন করে নালা প্রশস্তকরণ করা হয়েছে। বিরাশি গলি এলাকায় সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে এরই মধ্যে পাইপ বসানোর কাজ শুরু হয়েছে। তবে ওয়ার্ডে জলাবদ্ধতা এখন আর নেই। এ ছাড়া মশকনিধনে নিয়মিত উদ্যোগ নেওয়া হয় বলে তিনি দাবি করেছেন।