মেঘনায় তেলবাহী ট্যাংকারডুবির ঘটনায় এবার বিআইডব্লিউটিএর তদন্ত কমিটি
ভোলার মেঘনা নদীতে তেলবাহী ট্যাংকারডুবির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গত রোববার ভোরে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলিসংলগ্ন মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে তেলবাহী ট্যাংকার ‘ওটি সাগর নন্দিনী-২’ অন্য একটি জাহাজের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায়। এর আগে ট্যাংকারডুবির ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড। কমিটিকে চার কার্যদিবসের মধ্যে কোম্পানির মহাব্যবস্থাপকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। এ ছাড়া ওই ট্যাংকারের মাস্টার মাকসুদুর রহমান ভোলা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের সঙ্গে জ্বালানি তেল পরিবহনের জন্য এসএইচআর নেভিগেশন কোম্পানি লিমিটেডের একটি দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে। ওই নেভিগেশন কোম্পানির তেলবাহী ট্যাংকার ‘ওটি সাগর নন্দিনী-২’।
বিআইডব্লিউটিএর পরিচালক (উদ্ধার) মো. শাজাহান আজ মঙ্গলবার সকালে বলেন, ট্যাংকারডুবির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মো. শাজাহান আরও বলেন, ডুবে যাওয়া ট্যাংকারে কোনো পাইলট ছিলেন না। সাগরমোহনার নৌপথ একটু দুর্গম। আবহাওয়া দ্রুত পরিবর্তনশীল। চট্টগ্রাম থেকে হাতিয়ার চরগজারিয়া পর্যন্ত, চরগজারিয়া থেকে চাঁদপুর পর্যন্ত ট্যাংকারে পাইলট নিয়োগ দেওয়ার নিয়ম রয়েছে। ঘন কুয়াশার মধ্যে ট্যাংকার চালানোর ওপর নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হয়নি। ট্যাংকারের ফিটনেস নিয়েও নানা প্রশ্ন উঠেছে। এগুলো খতিয়ে দেখার জন্য বিআইডব্লিউটিএ তদন্ত কমিটি গঠন করেছে।
গত শনিবার রাতে তেলবাহী ট্যাংকার ‘ওটি সাগর নন্দিনী-২’ চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসে। রোববার ভোরে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলিসংলগ্ন মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে ট্যাংকারটি অন্য একটি জাহাজের সঙ্গে ধাক্কা খায়। তখন ট্যাংকারটির তলা ফেটে ডুবতে শুরু করে। ট্যাংকারে ১১ লাখ লিটার ডিজেল ছিল। পরে স্থানীয় জেলে ও বালুবাহী জাহাজের মাধ্যমে ডুবে যাওয়া ট্যাংকার থেকে ১২ জন জীবিত উদ্ধার হন।