বৃষ্টি উপেক্ষা করে উচ্ছ্বাসে মাতল শিক্ষার্থীরা

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ–৫ সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি, শিক্ষার্থী ও অভিভাবকেরা। শুক্রবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণেছবি: প্রথম আলো

শিক্ষিত হওয়ার পাশাপাশি সুনাগরিক ও ভালো মানুষ হতে হবে। দেশকে ভালোবাসার পাশাপাশি গর্বিত করতে হবে মা–বাবাকে। আর প্রযুক্তিকে কাজে এগিয়ে নিতে হবে নিজেকে।

আজ শুক্রবার সাতক্ষীরায় আয়োজিত শিখো–প্রথম আলো আয়োজিত এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও গুণীজনেরা এ কথাগুলো বলেন।

‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগান সামনে রেখে শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখো-এর পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর আয়োজনে সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এ সংবর্ধনা অনুষ্ঠান। আয়োজনের মধ্যে ছিল নাচ, গান, কুইজ প্রতিযোগিতা ও ছবি তোলা।

আরও পড়ুন
আরও পড়ুন

প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে অন্তত ১০০ কিলোমিটার দূরের শ্যামনগরের সুন্দরবনসংলগ্ন দ্বীপ ইউনিয়ন গাবুরা থেকে আসে রিয়াউল ইসলাম। জিপিএ-৫ পাওয়া এ শিক্ষার্থী বলে, ‘আমি আজ নিজেকে ধন্য মনে করছি। শিখো ও প্রথম আলো আমাদের যে সম্মান দিয়েছে, তা ভুলবার নয়।’ একই উপজেলার তাশফিয়া রহমানও ভোর পাঁচটায় প্রস্তুতি নিয়ে ৭০ কিলোমিটার পাড়ি দিয়ে অনুষ্ঠানে যোগ দেয়। সে বলে, ‘দিনটার জন্য অপেক্ষায় ছিলাম অনেক দিন ধরে।’

অনুষ্ঠানে সাতটি উপজেলা থেকে নিবন্ধিত ৬৫৩ শিক্ষার্থী, তাঁদের অভিভাবক ও অসংখ্য সুধীজন উপস্থিত ছিলেন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে সারিবদ্ধভাবে বুথ থেকে শিক্ষার্থীরা ক্রেস্ট, উপহারসামগ্রী ও স্ন্যাক্স সংগ্রহ করে নির্ধারিত আসনে বসে। সকাল ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। এর পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করার পাশাপাশি তিন ‘ম’ (মাদক, মুখস্ত ও মিথ্যা)–কে না বলার শপথ পাঠ করান প্রথম আলোর সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি।

অতিথিদের মধ্যে বক্তব্য দেন সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা ও জাতীয় ক্রিকেটার সৌম সরকারের বাবা কিশোরমোহন সরকার, সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, জেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি আবুল কালাম, মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, কলেজ শিক্ষক ভারতেশ্বরী বিশ্বাস প্রমুখ। কৃতী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন মোহন রায় ও তৈয়েবা তাবাসছুম।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন রোজবাবু, জেসমিন নাহার, ময়নুল ইসলামসহ স্থানীয় শিল্পীরা। নাচ পরিবেশন করে শিশুশিল্পী রাজন, অহনা, অদৃকা ও ফারিন। প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী সত্য জানতে প্রথম আলোর সঙ্গে থাকার আহ্বান জানিয়ে বলেন, নিজেকে শাণিত করতে হলে বই পড়তেই হবে। তিনি চার শিক্ষার্থীকে চার হাজার টাকার প্রথমা প্রকাশনীর বই দেওয়ার ঘোষণা দেন।

শেষে চ্যানেল আইয়ের সেরা কণ্ঠ ইমরান খন্দকারের গান পরিবেশনের সময় শিক্ষার্থীরা উল্লাসে মেতে ওঠেন। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতার বিজয়ী ১০ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ধন্যবাদ জ্ঞাপন করেন সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি ও কৃষি ব্যাংক কর্মকর্তা মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস।

অনুষ্ঠানটি পাওয়ার্ড বাই কনকা-গ্রি, সহযোগিতায় ছিল কনকর্ড গ্রুপ, ফ্রেশ, বার্জার পেইন্টস, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, কোয়ালিটি গ্রুপ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা, আকিজ টেলিকম, আম্বার আইটি, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।