গাজীপুরে পুলিশের গাড়িতে ক্ষুব্ধ শ্রমিকদের আগুন
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের শ্রীপুরের রাজাবাড়ীর ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানার শ্রমিকেরা আগের সিদ্ধান্ত অনুযায়ী রোববার মালিকপক্ষের সঙ্গে আলোচনায় বসেও কোনো সমাধানে আসতে পারেননি। এতে আবার ক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকেরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান তাঁরা। এ সময় শিল্প পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
রোববার সন্ধ্যা সাতটার দিকে রাজাবাড়ী ইউনিয়নের ধলাদিয়া গ্রামে কারখানার সামনে এই ঘটনা ঘটে। প্রায় আধা ঘণ্টা চলে সংঘর্ষ। বেশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। শিল্প পুলিশ ও শ্রমিকদের বেশ কয়েকটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
ডার্ড কম্পোজিট টেক্সটাইল কারখানার শ্রমিক মনির হোসেন ও স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম জানান, শনিবার থেকে বেতন-বোনাস, প্রণোদনাসহ অন্যান্য বকেয়া ভাতার দাবিতে কারখানার কয়েক হাজার শ্রমিক আন্দোলনে নামেন। তাঁরা দিনভর গাজীপুর-কাপাসিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে কারখানার মালিকের সঙ্গে রোববার শ্রমিকদের আলোচনার আশ্বাস দেওয়া হয়। এমন আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহার করে নেন শ্রমিকেরা। কিন্তু রোববার দুপুর ১২টা পর্যন্ত কারখানাটির মালিক ঘটনাস্থলে না আসায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
পরিস্থিতি মোকাবিলায় বিপুলসংখ্যক পুলিশ কারখানা ফটক ও এর আশপাশে অবস্থান নেয়। একপর্যায়ে বিকেল পাঁচটার দিকে কারখানার মালিক এসে শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসেন। কিন্তু আলোচনা ফলপ্রসূ না হওয়ায় শ্রমিকেরা আবারও বিক্ষোভ শুরু করেন। এ সময় কারখানার সামনে থাকা শিল্প পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করেন উত্তেজিত শ্রমিকেরা। একপর্যায়ে শ্রমিক ও শিল্প পুলিশের মধ্যে সংঘর্ষ বাধে।
ওই কারখানার শ্রমিক মোজাম্মেল হক বলেন, সংঘর্ষের সময় শ্রমিকদের ওপর পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। বেশ কিছুক্ষণ পাল্টাপাল্টি ধাওয়া চলে। তবে এতে কেউ আহত হয়েছেন কি না, তা জানেন না ওই শ্রমিক।
ঘটনাস্থলে রোববার দুপুর থেকেই উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন। তিনি সাংবাদিকদের বলেন, কারখানামালিকের সঙ্গে শ্রমিকদের আলোচনা চলছিল। আলোচনার শেষের দিকে হঠাৎ শ্রমিকেরা উত্তেজিত হয়ে পড়েন। তাঁরা কারখানার মালিকপক্ষের লোকজন ও সেখানে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ান। উত্তেজিত শ্রমিকেরা একপর্যায়ে শিল্প পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন।
এ বিষয়ে বক্তব্য জানতে শিল্প পুলিশের শ্রীপুর জোনের ইনচার্জ হুমায়ুন কবিরের মুঠোফোনে কল দিলে তিনি সংযোগ কেটে দেন। ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের প্রশাসন বিভাগের ব্যবস্থাপক মো. আকাশের মুঠোফোনে কল দিলে সংযোগ বন্ধ পাওয়া যায়।
গাজীপুরের সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আজমীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘শুনেছি, সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিষয়গুলো নিশ্চিত হয়ে তারপর জানাব।’