ঢাকা–চিলাহাটি রুটে চালু হতে যাওয়া ট্রেনের আক্কেলপুরে যাত্রাবিরতি দাবি
ঢাকা থেকে চিলাহাটি রুটে আগামী রোববার চালু হতে যাওয়া আন্তনগর ট্রেনটির জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনে যাত্রাবিরতির দাবি উঠেছে। দাবির পক্ষে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। একই দাবিতে ‘ট্রেন থামাও আন্দোলন’ নামের কমিটি গঠন করা হয়েছে।
আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছালাম আকন্দ বলেন, ভৌগোলিক দিক থেকে আক্কেলপুর রেলস্টেশনটি অনেক গুরুত্বপূর্ণ। ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, একতা এক্সপ্রেসের এ স্টেশনে যাত্রাবিরতি আছে। আক্কেলপুর ছাড়াও ক্ষেতলাল, বদলগাছি ও পত্নীতলা উপজেলার লোকজন আক্কেলপুর রেলস্টেশন দিয়ে ট্রেনে ঢাকায় যাতায়াত করেন। নতুন চালু হতে যাওয়া ‘নীলফামারী এক্সপ্রেস’ ট্রেনটির এ রেলস্টেশনে যাত্রাবিরতি রাখা হয়নি। এ জন্য তাঁরা এই রেলস্টেশনে যাত্রাবিরতির দাবি করছেন। বিষয়টি নিয়ে জেলা সমন্বয় কমিটির সভায় আলোচনা করা হবে।
রেলওয়ে সূত্রে জানা যায়, ৪ জুন সকাল ১০টায় গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ট্রেনটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সময়ে চিলাহাটি রেলস্টেশন চত্বরে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হবে। গত ২৯ মে বাংলাদেশ পশ্চিমাঞ্চল রেলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আহসান উল্লাহ স্বাক্ষরিত চিঠিতে নতুন ট্রেনের নাম প্রস্তাব করা হয় ‘নীলফামারী এক্সপ্রেস’। অবশ্য ৩০ মে রেলপথ মন্ত্রণালয় ‘চিলাহাটি এক্সপ্রেস’ নাম চূড়ান্ত করে রেলওয়ে দপ্তরকে চিঠি দেয়।
আক্কেলপুর পুরাতন বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আবদুল ওয়াহেদ বলেন, ব্যবসা-বাণিজ্যের দিক থেকে আক্কেলপুর উপজেলা অনেক সমৃদ্ধ। ট্রেনে যোগাযোগব্যবস্থা ভালো হওয়ায় ব্যবসায়ীদের বেশির ভাগই ট্রেনে ঢাকায় যাতায়াত করেন। কিন্তু ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতির সংখ্যা কম। বর্তমানে তিনটি ট্রেনেই আসনের চেয়ে যাত্রীর সংখ্যা বেশি হয়। এর ফলে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। ঢাকাগামী ‘নীলফামারী এক্সপ্রেস’ নামের নতুন চালু হতে যাওয়া ট্রেনটি আক্কেলপুর রেলস্টেশনে যাত্রাবিরতি দিলে ট্রেনযাত্রীদের ভোগান্তি দূর হতো।
বদলগাছি উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুল আলম খান বলেন, বদলগাছি থেকে আক্কেলপুর রেলস্টেশনের দূরত্ব মাত্র ৮-১০ কিলোমিটার। বেশির ভাগ ট্রেনযাত্রী আক্কেলপুর রেলস্টেশনে গিয়ে ট্রেনে ওঠেন। ঢাকাগামী আরও একটি ট্রেন চালু হতে যাচ্ছে। সেই ট্রেনটির আক্কেলপুর রেলস্টেশনে যাত্রাবিরতির ব্যবস্থা করা হয়নি জেনে বিস্মিত হয়েছেন।
জয়পুরহাট-২ (আক্কেলপুর-কালাই-ক্ষেতলাল) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ঢাকাগামী নতুন ট্রেনটির আক্কেলপুর রেলস্টেশনে যাত্রাবিরতির জন্য গতকাল বুধবার রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। নতুন চালু হতে যাওয়া ট্রেনটি আক্কেলপুর রেলস্টেশনে যাত্রাবিরতির জন্য তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আক্কেলপুরে বাড়ি ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাকলাইন মোস্তাকিমের। তিনি বলেন, এখানকার রেলস্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি নেই। ঢাকা থেকে দুটি ট্রেনে গেলে সান্তাহার ও জয়পুরহাট রেলস্টেশনে নামতে হয়। আক্কেলপুর পৌঁছাতে অতিরিক্ত টাকা ও সময়—দুটিই অপচয় হয়। নতুন ট্রেনটি এখানে যাত্রাবিরতি দিলে অনেক সুবিধা হতো।