এসপির বিরুদ্ধে বলার ব্যাখ্যায় যা বললেন সংসদ সদস্য শাহদাব আকবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য দেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর
ছবি: প্রথম আলো

ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহানের বিরুদ্ধে ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর ওরফে লাবু চৌধুরী জেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় যে বক্তব্য দিয়েছিলেন, তিনি সেটির ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘আমি সেদিন আইনশৃঙ্খলার মিটিংয়ে যে কথা বলেছি, তা একজন ব্যক্তির বিরুদ্ধে, কোনো বাহিনীর বিরুদ্ধে নয়।’

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় নিজের বক্তব্যের এই ব্যাখ্যা দেন শাহদাব আকবর। তিনি নগরকান্দা, সালথা ও সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য।

এর আগে গত রোববার ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় শাহদাব আকবর বলেছিলেন, ‘বর্তমান পুলিশ সুপার ফরিদপুরে আসার পর নগরকান্দায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। নগরকান্দা সন্ত্রাসের অভয়ারণ্য হয়ে উঠেছে।’

আরও পড়ুন

নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল হোসেনের প্রতি ইঙ্গিত করে গতকাল সন্ধ্যায় দলীয় ওই অনুষ্ঠানে সংসদ সদস্য শাহদাব বলেন, উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা হয়েছে। সেটা পুলিশের উপস্থিতিতে হয়েছে। যেহেতু জেলার পুলিশ সুপার এই জেলার দায়িত্বে, স্বাভাবিকভাবেই এ ঘটনার দায় তাঁকে নিতে হবে। তিনি দায়িত্ব নিয়ে এই জেলায় আসার পর নগরকান্দা-সালথায় সন্ত্রাসীদের অভয়ারণ্য তৈরি হয়েছে।

শাহদাব আকবর বলেন, ‘সেদিন ডিসি সাহেবের অফিসে আইনশৃঙ্খলার মিটিংয়ে আমি বক্তব্য দেওয়ার পর আমাদের একজন শ্রদ্ধেয় নেতা বলেছিলেন, আপনার এই বক্তব্য ভাইরাল হয়ে যাবে, আপনি পুলিশ বাহিনীর বিরুদ্ধে কথা বলেছেন। আমি তখনই সেই কথার প্রতিবাদ করেছি। পুলিশ বাহিনী সরকারের গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। সুতরাং কোনো বাহিনীর বিরুদ্ধে কথা বলার প্রশ্নই ওঠে না। আমি বলেছি একজন ব্যক্তিবিশেষের বিরুদ্ধে। যেহেতু তিনি এই সমগ্র এলাকায় এক নম্বর দায়িত্বে আছেন। সুতরাং কোথাও কোনো সমস্যা হলে তার দায়দায়িত্ব তাঁকে নিতে হবে।’

সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন প্রমুখ।