কক্সবাজারে পর্যটক বাড়লে ‘বাড়তি দামের’ গ্যাস সিলিন্ডারের দাম আরও বাড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার শহরের বাইপাস সড়কের একটি দোকানে বিক্রির জন্য রাখা হয়েছে গ্যাস সিলিন্ডার। বুধবার বিকেলে
ছবি: প্রথম আলো

কক্সবাজারের কোথাও সরকার নির্ধারিত নতুন দামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার পাচ্ছেন না ভোক্তারা। সরকার নির্ধারিত ১ হাজার ৪২২ টাকা দামের ১২ কেজি ওজনের গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে ১ হাজার ৫৮০ থেকে ১ হাজার ৬৫০ টাকায়।

সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার সৈকতে লাখো পর্যটকের সমাগম ঘটলে গ্যাস সিলিন্ডারের সংকট দেখা দেয়। তখন সিলিন্ডারপ্রতি আরও ৩০ থেকে ৫০ টাকা বাড়িয়ে আদায় করা হয়। বেশি দামে এলপিজি বিক্রি হলেও নেই প্রশাসনের তদারকি।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গত ২ মার্চ থেকে প্রতি ১২ কেজির গ্যাস সিলিন্ডারের দর ৭৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪২২ টাকা, যা এক মাস আগে ছিল ১ হাজার ৪৯৮ টাকা।

পরিবেশকেরা বলছেন, নতুন নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি মোটেও সম্ভব নয়। কারণ, তাঁরা বেশি দামে চট্টগ্রাম, ঢাকা, মোংলা থেকেও সিলিন্ডার কিনছেন। তা ছাড়া সৈকতে পর্যটকের সমাগম ঘটলে এলপিজির চাহিদা অনেক বেড়ে যায়। ১২ লাখ রোহিঙ্গার উখিয়া-টেকনাফের ৩৩টি আশ্রয়শিবিরেও বিপুলসংখ্যক এলপিজি সরবরাহ করা হয়। এ ক্ষেত্রে শহরে গ্যাসের সংকট দেখা দেয়। তখন কিছু অসাধু ব্যবসায়ী ১ হাজার ৭০০ টাকাতেও সিলিন্ডার বিক্রি করেন। কক্সবাজারে গ্যাস সরবরাহ লাইন না থাকায় সাত শতাধিক হোটেল-রেস্তোরাঁতে এলপিজি ব্যবহার করতে হয়।

কক্সবাজার শহরসহ নয়টি উপজেলায় গ্যাস সিলিন্ডারের দৈনিক চাহিদা প্রায় ৮০ হাজার সিলিন্ডার। এর মধ্যে শহরের চাহিদা প্রায় ৫০ হাজার সিলিন্ডার। সৈকতে পর্যটকের সমাগম বাড়লে অতিরিক্ত ১০ থেকে ১২ হাজার গ্যাস সিলিন্ডার দরকার পড়ে জানিয়ে কক্সবাজার হোটেল গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজ বলেন, সৈকত এলাকায় পাঁচ শতাধিক হোটেল, গেস্টহাউস, রিসোর্ট ও কটেজে মানুষের দৈনিক ধারণক্ষমতা দুই লাখের বেশি। রেস্তোরাঁ আছে সাত শতাধিক। কক্সবাজারে সরাসরি গ্যাস লাইন নেই, এলপিজি গ্যাস ব্যবহার করে খাবার তৈরি করতে হয়। এ কারণে খাবারের দামও বেশি। ব্যবসায়ীরা সরকারি মূল্যের চেয়েও প্রতি সিলিন্ডারে ১৫০ থেকে ২০০ টাকা হাতিয়ে নিলেও দেখার কেউ নেই।

কক্সবাজার জেলা এলপিজি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম আরিফ লিটন বলেন, ‘শহরে এখন ১ হাজার ৫৫০ থেকে ১ হাজার ৬০০ টাকায় এলপিজি বিক্রি হচ্ছে। বিইআরসি সরকারি এলপিজির দাম নির্ধারণ করে ১ হাজার ৪২২ টাকা। আমরা সরকারি গ্যাস বিক্রি করি না। কারণ, ভোক্তাপর্যায়ে বেসরকারি ব্র্যান্ডের চাহিদা বেশি। খুচরা বিক্রেতারা বসুন্ধরা, ওমেরা, টোটাল, বেক্সিমকোর ১২ কেজি ওজনের এলপিজি বিক্রি করছেন।’

কিছু এলাকায় ১ হাজার ৬০০ টাকার বেশিতে এলপিজি বিক্রি হচ্ছে এবং ভোক্তাদের দুর্ভোগ লাঘব ও মূল্যতালিকা নির্ধারণ করা হচ্ছে জানিয়ে সমিতির সভাপতি সরওয়ার আলম বলেন, অতিরিক্ত মূল্যে যেন এলপিজি বিক্রি না হয়, সে জন্যই তালিকা করে দেওয়া হচ্ছে। ভোক্তারা তালিকা দেখেই এলপিজি কেনার সুযোগ পাবেন।

গতকাল বুধবার শহরের এন্ডারসন সড়ক, ঝাউতলা, কলাতলী, বাইপাস সড়ক, টেকপাড়া, ঘোনার পাড়া, বৈদ্যঘোনা, লারপাড়া, বাস টার্মিনাল, বাহারছড়া, জেল গেট, লিংক রোডসহ বেশ কয়েকটি এলাকায় খোঁজ নিয়ে দেখা গেছে, ব্যবসায়ীরা ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকায় বিক্রি করছেন গ্যাস সিলিন্ডার।

গতকাল দুপুরে বাজারঘাটার একটি দোকান থেকে ১ হাজার ৬৫০ টাকায় এলপিজি কেনেন ব্যবসায়ী ছানা উল্লাহ। সরকার নির্ধারিত মূল্যের চেয়েও প্রায় ২০০ টাকা বেশি নেওয়া নিয়ে দুই পক্ষে খানিকক্ষণ তর্কাতর্কিও হয়। দোকানের মালিক মিজানুর রহমান বলেন, চট্টগ্রাম থেকে ১ হাজার ৫৫০ টাকা দরে এলপিজি কিনে কক্সবাজার শহরে পৌঁছাতে পরিবহন ও মজুরি খাতে ৫০ থেকে ৬০ টাকা খরচ হচ্ছে। স্থানীয় চাহিদা পূরণ করতে তাঁরা এলপিজির ব্যবসা করছেন, তেমন লাভ হচ্ছে না।

শহরের জেলগেট বাইপাস সড়কের কয়েকটি দোকানে শত শত এলপিজির মজুত দেখা গেছে। ট্রাক বোঝাই করে বিপুলসংখ্যক এলপিজি উখিয়া ও টেকনাফের দিকে সরবরাহ হচ্ছে। আবার কিছু দোকানে ট্রাক থেকে এলপিজি নামানো হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে দুটি দোকানের কর্মচারী বলেন, প্রতিদিন বাইপাস সড়কের কয়েকটি দোকান থেকেই গড়ে পাঁচ হাজার গ্যাস সিলিন্ডার সরবরাহ হচ্ছে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরে। শহরের হোটেল-রেস্তোরাঁতেও বিপুল গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হয়। কিন্তু চাহিদার বেশি গ্যাস সিলিন্ডার আনা যাচ্ছে না। এ কারণে অনেকে চাহিদা পূরণ করতে চট্টগ্রাম, ঢাকা, মোংলাসহ দেশের বিভিন্ন জেলা থেকে বেসরকারি গ্যাস সিলিন্ডার সংগ্রহ করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, শহরের ২৪২টি ছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় গ্যাস সিলিন্ডার বিক্রির দোকান আছে প্রায় ৩ হাজার। এর মধ্যে সিলিন্ডার বিক্রির লাইসেন্স আছে প্রায় ৭০০টির। রোহিঙ্গা শিবির ও জেলার বিভিন্ন উপজেলায় পানের দোকান, মুদিদোকানসহ সড়কে ও গলির মুখে সিলিন্ডার বিক্রি হচ্ছে। ভোক্তারা বলছেন, এক বছর ধরে হাটবাজারে অভিযান নেই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের।

গত বছরের ৮ সেপ্টেম্বর রামুর নাহার ফিলিং স্টেশন সিলগালা করে এক লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজারের আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইমরান হোসাইনকে প্রত্যাহার করা হয়। এর পর থেকে ওই পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। এ কারণে অভিযানও বন্ধ আছে। অতিরিক্ত দায়িত্বে থাকা চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক আনিসুল ইসলাম এক বছরে তিনবার কক্সবাজার আসেন। তিনি বলেন, চট্টগ্রাম শহর অনেক বড়, চাপও বেশি। দায়িত্ব পেলেও যখন ইচ্ছা তাঁর কক্সবাজার যাওয়া হচ্ছে না।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন