বগুড়ায় বিজয় দিবসের কর্মসূচিতে ছাত্রলীগের দুই পক্ষের হাতাহাতি, ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া জেলা আওয়ামী লীগের বিজয় দিবসের কর্মসূচিতে অংশ নিতে গেলে ছাত্রলীগের এক পক্ষের নেতা–কর্মীদের ধাওয়া দেন আরেক অংশের নেতা–কর্মীরা। আজ শুক্রবার সকালে শহরের টেম্পল সড়কে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে
ছবি: সোয়েল রানা

বগুড়ায় মহান বিজয় দিবসের কর্মসূচিতে ছাত্রলীগের দুই পক্ষের নেতা–কর্মীদের মধ্যে হাতাহাতি ও ধাওয়ার ঘটনা ঘটেছে। ‘বিদ্রোহী’দের প্রতিরোধের মুখে ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন অংশের নেতা-কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন। আজ শুক্রবার সকাল আটটার দিকে শহরের সাতমাথায় টেম্পল সড়কে দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

গত ৭ নভেম্বর নতুন কমিটি ঘোষণার পর থেকে বগুড়া জেলা ছাত্রলীগের দুই পক্ষের বিরোধ চলছে। এ নিয়ে দলীয় কার্যালয়ে তালা, বিক্ষোভ, পাল্টাপাল্টি হামলা ও মামলার ঘটনা ঘটছে। নতুন কমিটিতে ‘পদবঞ্চিতদের’ আন্দোলনে সমর্থন দিচ্ছে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলমের নেতৃত্বাধীন একটি অংশ। অন্যদিকে ছাত্রলীগের নতুন কমিটিকে সমর্থন দেয় জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান এবং সাধারণ সম্পাদক রাগেবুল আহসানের নেতৃত্বাধীন আওয়ামী লীগের আরেক অংশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল আটটার দিকে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা শহরের সাতমাথায় টেম্পল সড়কে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করতে যান। সেখানে ছাত্রলীগের কার্যালয়ে নতুন তালা ঝুলিয়ে আগে থেকে অবস্থান নেন জেলা ছাত্রলীগের ‘বিদ্রোহী’ অংশের নেতা-কর্মীরা। মাইকে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের সময় নতুন কমিটির সভাপতি সজীব সাহা ও সাধারণ সম্পাদক আল মাহিদুলের নেতৃত্বাধীন অংশের নেতা-কর্মীরা আসেন। এ সময় নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের বিরুদ্ধে স্লোগান দেন ‘পদবঞ্চিত’ পক্ষের নেতা-কর্মীরা। একপর্যায়ে হাতাহাতি হয়। এ সময় পদবঞ্চিত অংশের নেতা-কর্মীদের ধাওয়ার মুখে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং তাঁদের সমর্থকেরা দলীয় কার্যালয়ে ঢুকতে পারেননি।

বিজয় দিবসের কর্মসূচিতে হাতাহাতি ও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন ছাত্রলীগের নেতা–কর্মীরা। আজ শুক্রবার সকালে শহরের টেম্পল সড়কে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে
ছবি: প্রথম আলো

পরে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিজয় দিবসের শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে জেলা ছাত্রলীগের নতুন কমিটির নেতাদের নিয়ে দলীয় কার্যালয়ে প্রবেশ করে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন অংশ। পরে সজীব সাহা ও আল মাহিদুল জয়ের নেতৃত্বাধীন নেতা-কর্মীরা বিদ্রোহীদের লাগানো তালা ভেঙে কার্যালয়ের নিয়ন্ত্রণ নেন।

সজীব সাহা অভিযোগ করেন, সকালে বিজয় দিবসের কর্মসূচি পালন করতে গেলে আওয়ামী লীগের একটি সহযোগী সংগঠনের নেতাদের নেতৃত্বে দুর্বৃত্তরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। তারা সন্ত্রাসী কায়দায় ছাত্রলীগের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছিল। পরে তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করে তাঁরা নিয়ন্ত্রণ নিয়েছেন।

আরও পড়ুন

নতুন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ‘বিদ্রোহী’ অংশের নেতা মাহফুজার রহমান বলেন, বিজয় দিবসের কর্মসূচি পালনের জন্য সকাল থেকে ছাত্রলীগের ত্যাগী নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় জেলা ছাত্রলীগের ‘অবৈধ ও অযোগ্য’ কমিটির লোকজন বিজয় দিবসের কর্মসূচিতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে গেলে ছাত্রলীগের বিক্ষুব্ধ কর্মীরা তাদের ধাওয়া দিয়ে প্রতিহত করেছে।

বগুড়া সদর ফাঁড়ির পরিদর্শক শাহিন আলম বলেন, আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বিজয় দিবসের কর্মসূচি চলাকালে ছাত্রলীগের দুই পক্ষ ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে। তবে কোনো মারামারির ঘটনা সেখানে ঘটেনি।

আরও পড়ুন