বরিশাল বিভাগে ডেঙ্গুতে মৃত্যু ও রোগী বাড়ছে, গ্রামেও মিলছে এডিস মশার লার্ভা
বরিশাল বিভাগে ডেঙ্গুতে মৃত্যু ও ডেঙ্গু রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। হাসপাতালগুলোতে রোগী সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। আগে রোগীদের বেশির ভাগ ঢাকাসহ অন্য স্থানে ভ্রমণের ইতিহাস থাকলেও এখন বেশির ভাগ রোগীই স্থানীয়ভাবে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। এরই মধ্যে বেশ কয়েকটি স্থানে নমুনা পরীক্ষা করে এডিস মশার লার্ভা শনাক্ত করেছেন কীটতত্ত্ববিদেরা। এতে পরিস্থিতি ক্রমেই অবনতি হওয়ায় উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগ।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) মোহাম্মদ মাহমুদ হাসান প্রথম আলোকে বলেন, স্থানীয়ভাবে যেসব স্থান থেকে নমুনা সংগ্রহ করে এডিস মশার লার্ভার অস্তিত্ব পাওয়া গেছে, তার মধ্যে চিপসের প্যাকেট ও পরিত্যক্ত পলিথিন ব্যাগ আছে। তিনি আরও বলেন, ডেঙ্গু রোধ করা খুব ছোট কাজ। কিন্তু অবহেলা, অসচেতনতার কারণে সেটি উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করছে। ডেঙ্গুর ভয়াবহ বিস্তার রোধে এখন ব্যক্তি পর্যায়ে সুরক্ষা, সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।
স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, বরিশালে গত মঙ্গলবার রাতে আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা ইমরান (২৮) নামের ওই যুবক বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে মারা যান। ১৯ জুলাই তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর আগে মঙ্গলবার সকালে পিরোজপুরের নাজিরপুর উপজেলার জালাল ব্যাপারী (৭৫) নামের অপর এক ডেঙ্গু রোগী মারা যান। এ নিয়ে বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ায় ছয়ে। তাঁদের মধ্যে পাঁচজনই মারা গেছেন বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। ২১ জুলাই একজন মারা গেছেন ভোলা জেনারেল হাসপাতালে।
চলতি মাসে মৃত্যুর পাশাপাশি ডেঙ্গুতে আক্রান্তের হার ঊর্ধ্বমুখী। জুলাইয়ের প্রথম ১১ দিনে প্রতি ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৪২ থেকে ১০০ জনে সীমাবদ্ধ ছিল। এরপর ১২ থেকে ১৬ জুলাই পর্যন্ত প্রতি ২৪ ঘণ্টায় তা বেড়ে ১৫০-এ উন্নীত হয়। ১৭ থেকে ২৫ জুলাই পর্যন্ত প্রতি ২৪ ঘণ্টায় তা আরও বেড়ে ২০০ থেকে ২৯৩ জনে পৌঁছায়। গত মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে এসেছেন ২৮৪ জন। তাঁদের মধ্যে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৭১, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৬৬, বরিশাল জেনারেল হাসপাতালে ৩৬, পিরোজপুরে ৪০, বরগুনায় ২৯, ঝালকাঠিতে ১৩ ও ভোলা জেলা সদর হাসপাতালে ২৯ জন রয়েছেন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) শ্যামল কৃষ্ণ মণ্ডল জানিয়েছেন, বরিশাল বিভাগে চলতি বছরের জানুয়ারি থেকে বুধবার সকাল পর্যন্ত ৪ হাজার ৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে হাসপাতালে এসেছিলেন ৪৩৩ জন। চলতি জুলাই মাসের ২৫ দিনেই আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৭৪ জন। জুলাইয়ের ২৫ দিনেই বিভাগে মোট ডেঙ্গু রোগীর ৮৯ দশমিক ১৯ শতাংশই আক্রান্ত হয়েছেন। ডেঙ্গুতে মারা যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজনই মারা গেছেন গত ২৮ জুন থেকে ২৫ জুলাইয়ের মধ্যে। বুধবার বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ৭৫৮ রোগী। তাঁদের মধ্যে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি ছিলেন ২০১ জন।
গত ২৮ জুন বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে মারা যান বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি এলাকার নাসিমা বেগম (৩৫) নামের এক নারী। তাঁর পরিবারের ভাষ্য, নাসিমা বেগম এক বছরের মধ্যে অন্য কোথাও ভ্রমণ করেননি।
স্বাস্থ্য বিভাগ বলছে, স্থানীয়ভাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন অনেক রোগী হাসপাতালে আসছেন। ডেঙ্গুতে আক্রান্তের প্রবণতা বিবেচনা করে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে আক্রান্ত এলাকার একটি ম্যাপিং করা হয়। ম্যাপিংয়ে দেখা যায়, পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় তুলনামূলক ডেঙ্গু রোগী বেশি। পরে ওই উপজেলার বলদিয়া ইউনিয়নের বেশ কয়েকটি স্থান থেকে নমুনা সংগ্রহের জন্য বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর একটি কারিগরি দল সেখানে পাঠায়। সেখান থেকে সংগৃহীত নমুনার পরীক্ষা করে এডিসের লার্ভা শনাক্ত করেছেন কীটতত্ত্ববিদেরা। এরপর পটুয়াখালীর দুমকি উপজেলার আদারিয়া এলাকায় চলতি সপ্তাহে আরেকটি দল ওই এলাকার ১০টি স্থান থেকে নমুনা সংগ্রহ করে। বুধবার সেই নমুনা পরীক্ষা করে সাতটি স্থানেই এডিসের লার্ভার অস্তিত্ব পাওয়া গেছে। এতে ডেঙ্গু জীবাণুবাহী এডিস মশা প্রত্যন্ত গ্রামে যে ছড়িয়ে পড়েছে, তা শতভাগ নিশ্চিত হয়েছেন স্বাস্থ্যবিশেষজ্ঞরা। এটাই এর উদ্বেগের মূল কারণ।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, বরিশাল বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ছয়জনই গ্রামের বাসিন্দা। আক্রান্ত ব্যক্তিদের মধ্যেও বেশির ভাগ প্রত্যন্ত গ্রামের। ফলে গ্রামগঞ্জেও ডেঙ্গুবাহী এডিস মশার বিস্তার ঘটেছে, এটা নিশ্চিত হওয়া গেছে। আর এতে তাঁরা উদ্বিগ্ন।
বরিশাল বিভাগের প্রত্যন্ত অঞ্চলে এডিস মশার বিস্তারের পেছনে বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছেন জনস্বাস্থ্য ও রোগনিয়ন্ত্রণ–বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, এমনিতেই উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার কারণে বাংলাদেশ মশা ও মশাবাহিত রোগ বিস্তারের জন্য উপযুক্ত জায়গা। উপযুক্ত তাপমাত্রা ও আর্দ্রতার সঙ্গে যোগ হয়েছে অপরিকল্পিত নগরায়ণ, চিপসসহ অন্যান্য খাদ্যপণ্যের পলিথিন ও প্লাস্টিকের মোড়ক। এসবে পানি জমে ডেঙ্গুর বিস্তৃতি ত্বরান্বিত হচ্ছে। গ্রামেও এখন প্রচুর পাকা ঘরবাড়ি, স্থাপনা নির্মাণ হচ্ছে। এসব স্থানে জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তারের উপযুক্ত জায়গা।
শ্যামল কৃষ্ণ মণ্ডল প্রথম আলোকে বলেন, ডেঙ্গুতে রোগী ও মৃত্যু উভয় বৃদ্ধি পাওয়ায় তাঁরা উদ্বিগ্ন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাঁদের নিজস্ব সক্ষমতা দিয়ে হাসপাতালগুলোর চিকিৎসার পরিধি বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে। তাঁরা সাধ্যমতো সেটা করছেন। তবে অন্য রোগীদের পাশাপাশি প্রতিদিন প্রায় ৩০০ ডেঙ্গু রোগী ভর্তি হওয়ায় পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে।