মৌলভীবাজার থেকে ঢাকামুখী যাত্রী কম, নির্ধারিত সময়ে ছাড়ছে না বাস
ঢাকায় ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে মৌলভীবাজার থেকে ঢাকামুখী বাসের যাত্রীসংখ্যা কমে গেছে। গত দুই দিনে আতঙ্কে অনেকেই ঢাকামুখী হচ্ছেন না বলে জানা গেছে। এতে যাত্রীসংখ্যা কমে যাওয়ায় অনেক বাসই নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারছে না। নির্ধারিত সময়ের পর যেসব বাস ছাড়ছে, সেগুলোতেও যাত্রীসংখ্যা আসনের তুলনায় অনেক কম।
আজ শুক্রবার সকাল পৌনে সাতটার দিকে শহরের শ্রীমঙ্গল সড়কে ঢাকা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা গেছে, বেশকিছু বাস দাঁড়িয়ে আছে। হাতে গোনা কয়েকজন যাত্রী আর পরিবহন–সংশ্লিষ্ট কয়েক ব্যক্তি বিচ্ছিন্নভাবে বাসস্ট্যান্ডে ঘোরাঘুরি করছেন।
কিছুক্ষণ আগে হানিফ পরিবহনের সকাল ছয়টার বাস নির্ধারিত সময়ের চেয়ে আধা ঘণ্টা দেরিতে ছেড়ে গেছে। আসনসংখ্যার চেয়ে অনেক কম যাত্রী ছিল ওই বাসে। সকাল সাতটায় যে বাস ছাড়ার কথা, ওই বাসে মাত্র ছয়জন যাত্রী। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন বাসের চালক।
ঢাকা বাসস্ট্যান্ডের পরিবহন সংস্থাগুলোর সূত্রে জানা গেছে, গত দুই দিনে ঢাকাগামী যাত্রীসংখ্যা কমে গেছে। গতকাল সাপ্তাহিক ছুটির আগের দিন হলেও বাসে তেমন যাত্রী ছিল না। অন্য সময় প্রায় সব বাসেই বৃহস্পতিবার অন্তত ৫-৭টি টিকিটের আগাম বুকিং থাকে। তবে গত দুই দিনে কোনো বুকিং নেই। গতকাল রাতে একজন যাত্রী নিয়ে বাস ছাড়ার ঘটনাও ঘটেছে। তবে ঢাকার বাইরের অন্য জেলার বাসগুলোর চিত্র স্বাভাবিক। ওই বাসগুলোতে অন্যদিনের মতোই যাত্রী হচ্ছে। যাত্রীরা দরদাম করে ভৈরব, ময়মনসিংহসহ বিভিন্ন জেলার বাসে উঠছেন।
হানিফ পরিবহনের কাউন্টারের দায়িত্বে থাকা মো. রাসেল প্রথম আলোকে বলেন, ঢাকায় গাড়ি যাচ্ছে। কিন্তু যাত্রী হলে যাচ্ছে। গতকাল থেকে যাত্রী কম। আজ একটা গাড়ি ছেড়েছে কম যাত্রী নিয়ে। পরের গুলোর যাত্রীর জন্য অপেক্ষা করা হচ্ছে।
শাহ পরান পরিবহনের কর্মী মো. টুটুল বলেন, ‘প্রতিদিন চার-পাঁচটা অ্যাডভান্স (অগ্রিম টিকিটের বুকিং) থাকে। আজকে একটাও অ্যাডভান্স নাই। গতকাল থেকেই যাত্রী নাই। যাত্রীর জন্য বসে আছি। আজ কটা গাড়ি যাবে, এখনো জানি না।’
শ্যামলী পরিবহনের কাউন্টারের ব্যবস্থাপক সুহেল আহমদ প্রথম আলোকে বলেন, ‘মানুষের ভেতর আতঙ্ক। স্বাভাবিক সময়ের চেয়ে অনেক যাত্রী কমে গেছে। অতি জরুরি ছাড়া কেউ যাচ্ছে না। দুই-তিন দিন ধরেই এই অবস্থা শুরু হয়েছে।’
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকায় বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে তাঁরা আতঙ্কিত। এ জন্যই এখন অনেকে ঢাকা যেতে চাচ্ছেন না। আর যাঁরা বাসস্ট্যান্ডে আসছেন, তাঁরা জরুরি প্রয়োজনে বাধ্য হয়েই ঢাকায় যাচ্ছেন। ঢাকাগামী যাত্রী হুমায়ূন কবীর বাস ছাড়ার অপেক্ষায় বসে ছিলেন। তিনি বলেন, ‘ঢাকার বিষয়টি আমি জানি। কিন্তু কী করব! রোগী আছে, তাই যেতেই হবে। না হলে এই বিপদে কে আর যায়।’