শ্রীপুরে বিএনপির ৬ নেতা-কর্মীকে আজীবনের জন্য বহিষ্কার

গাজীপুরে শ্রীপুর উপজেলার বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠানে হট্টগোলের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছেছবি: ভিডিও থেকে সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে বিদ্যালয়ের অনুষ্ঠানে শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ছয় নেতা-কর্মীকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

আজ বুধবার সকালে এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি নিজের ফেসবুকে প্রকাশ করেন শ্রীপুর উপজেলা বিএনপির সদস্যসচিব খাইরুল কবীর মণ্ডল (আজাদ)। বিষয়টি তিনি প্রথম আলোকে মুঠোফোনেও নিশ্চিত করে বলেন, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বহিষ্কৃত নেতা–কর্মীরা হলেন গাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার আউয়াল, সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান (মাস্টার), সাবেক যুগ্ম সম্পাদক হাসমত আলী (হাসু), সদস্য আরমান আলী, মাহবুব আলম ও রফিকুল ইসলাম।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৯ এপ্রিল গাজীপুরের শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের ‘বাঁশবাড়ী আদর্শ উচ্চবিদ্যালয়’–এর একটি বিদায় অনুষ্ঠানে অভিযুক্ত ব্যক্তিরা এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটান এবং শিক্ষকদের সঙ্গে চরম অসৌজন্যমূলক আচরণ করেন। উক্ত ঘটনার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়। প্রাথমিক তদন্ত ও তথ্যপ্রমাণের ভিত্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ওই ঘটনায় বিষয়ে গত সোমবার প্রথম আলোর অনলাইন সংস্করণে ‘দাওয়াত না পেয়ে বিদ্যালয়ের অনুষ্ঠানে বিএনপির সাবেক নেতার হট্টগোল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল মোতালেব বলেন, ‘স্কুলের অনুষ্ঠানে হাঙ্গামা করা ঠিক হয়নি। যারা এলাকার মানুষের ক্ষতি করে, দলের ক্ষতি করেন, এদের কোনো ছাড় নাই। দলের নাম ভাঙিয়ে এ ধরনের কাজ করা হয়েছে। এদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।’