যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, একটি মহল নির্বাচন বানচাল করার চেষ্টা করে আসছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনের মধ্যে থেকেই তাদের প্রতিহত করছে। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিনেও তারা জনগণকে পূর্ণ নিরাপত্তা দেবে। জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন।
আজ বৃহস্পতিবার দুপুরে নাটোর সার্কিট হাউস চত্বরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। এর আগে মন্ত্রী ঢাকা থেকে হেলিকপ্টারে সরাসরি নাটোরে আসেন। পরে তিনি পুলিশ সুপারের কার্যালয়ে বঙ্গবন্ধু গ্যালারি ও বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন। সেখান থেকে তিনি শহরের হরিশপুরে আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন। উদ্বোধন শেষে অফিস চত্বরে আয়োজিত সুধী সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচন আসন্ন। নাটোরবাসীও ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। ভোট যথাসময়ে অনুষ্ঠিত হবে। আপনারা দলে দলে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নাটোর পাসপোর্ট অফিস ভাড়া বাসায় পরিচালিত হতো। এতে সেবা দেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা ছিল। প্রধানমন্ত্রী বিষয়টি অনুধাবন করে নাটোরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের জন্য নতুন ভবন নির্মাণের অনুমোদন দিয়েছিলেন। দেশে আগে প্রতিদিন মাত্র ৩ হাজার পাসপোর্ট দেওয়া যেত। এখন প্রতিদিন ২৫ হাজার পাসপোর্ট সরবরাহ করা যাচ্ছে। এভাবেই স্মার্ট বাংলাদেশ গড়ে উঠছে।
সুধী সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম, নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী, সংরক্ষিত নারী সংসদ সদস্য রত্না আহম্মেদ, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী।
বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন। এ জনসভায় নাটোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন সভাপতিত্ব করেন।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সন্ত্রাস করে জয় ছিনিয়ে আনতে চায়। জনগণ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আর কোনো দিন জনগণ তাদের ভোট দিয়ে ক্ষমতায় বসাবে না। তাই তারা এখন সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, জঙ্গিবাদ করছে। এই নাটোরেও জঙ্গিবাদের জন্ম দিয়েছিল বিএনপি। বাংলা ভাইয়ের সৃষ্টি করেছিল।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, হরতাল-অবরোধ এখন কে মানে? বিএনপির হরতাল করার যেমন অধিকার আছে, তেমনি হরতাল না মানার অধিকারও জনগণের আছে। হরতাল মানেন না বলেই তো মানুষ গাড়ি নিয়ে রাস্তায় আসেন। তারা তখন গাড়ি ভাঙে। বিএনপির কর্মীরা বোঝেন না, হরতাল সমর্থন করেন না বলেই তো গাড়ি বের করেন।
বিএনপির উদ্দেশে আসাদুজ্জামান খান বলেন, ‘তোমরা যদি ক্ষমতায় যেতে চাও, তাহলে ভোটে আসো। আজও প্রধানমন্ত্রী বলেছেন, তারা নির্বাচনে আসুক। জনগণ ভোট দিয়ে তাদের ক্ষমতায় বসালে আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছেড়ে দেব।’ মন্ত্রী বলেন, ‘আমরা নৈরাজ্য পছন্দ করি না। আমরা গান পাওয়ারে বিশ্বাস করি না। আমরা মনে করি জনগণ যত দিন আমাদের ম্যান্ডেট দেবেন, তত দিন ক্ষমতায় থাকব। জনগণকে সঙ্গে নিয়ে থাকব। বিএনপি যাঁদের পদলেহন করেন, তাঁদেরই একজন গবেষণা করে দেখেছেন, এ দেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে ভালোবাসেন, পছন্দ করেন।’