লোহাগড়ায় দমকা হাওয়ায় গাছের ডাল পড়ে নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সারা দেশে দমকা থেকে ঝোড়ো হাওয়া বইছে। নড়াইলের লোহাগড়ায় দমকা হাওয়ায় গাছের ডাল পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ওই ঘটনা ঘটে।

নিহত নারীর নাম মর্জিনা বেগম (৪০)। তাঁর বাড়ি বাগেরহাট সদর উপজেলার অর্জনবাহার গ্রামে। তাঁর ১১ বছর বয়সী একটি শিশুপুত্র রয়েছে।

আরও পড়ুন

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, মর্জিনা তাঁর শিশুপুত্রকে নিয়ে লোহাগড়া পৌর এলাকার রাজপুর গ্রামের আবদুল গফ্ফারের বাড়িতে ভাড়া থেকে বিভিন্ন বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বর দিয়ে যাওয়ার সময় পল্লী সঞ্চয় ব্যাংকের সামনে পৌঁছালে একটি মেহগনি গাছের ডাল ভেঙে তাঁর মাথায় পড়লে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাদিরা ভূঁইয়া প্রথম আলোকে বলেন, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। তাঁর মাথায় আঘাত ছিল।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দীন জানান, ওই নারীর স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে। স্বজনেরা এলে তাঁদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি জেলা প্রশাসককে জানিয়েছি। তাঁর পরিবারকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হবে।’

আরও পড়ুন